২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে ঢাকায় আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’

দেশ-বিদেশের খ‌্যাতনামা আলোকচিত্রীদের অংশগ্রহণে আগামী ৩ ফেব্রুয়ারি রাজধানীতে শুরু হবে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্র্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 08:18 PM

Updated : 11 Oct 2022, 01:20 PM

সোমবার বিকালে ধানমন্ডির দৃক গ্যালারিতে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন উৎসব পরিচালক শহিদুল আলম।

তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে দুই সপ্তাহব্যাপী এই আয়োজন চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিবার্ষিক এই আলোকচিত্র উৎসবের এবারের বিষয় ‘অবস্থান’। উৎসবের নবম এই আসরের প্রধান ভেন‌্যু শিল্পকলা একাডেমি।

শহীদুল জানান, ‘অবস্থান’ বিষয়কে কেন্দ্র করে ১৬টি দেশের ২৭ জন শিল্পীর ৩০টিরও বেশি প্রদর্শনী থাকবে এবারের ছবি মেলায়।

কানু গান্ধীর ‘কানুস গান্ধী’, নাসির আলী মামুনের ‘দ্য পোয়েট উইথ দ্য ক্যামেরা, ফটোগ্রাফস অফ নাসির আলী মামুন/ফটোজিয়াম (১৯৭২-১৯৮২)’, পুষ্পমালা এন-এর ‘নেটিভ উইমেন অফ সাউথ ইন্ডিয়া: ম্যানারস অ্যান্ড কাস্টমস (২০০০-২০০৪)’, নাঈম মোহাইমেনের ‘ইউনাইটেড রেড আর্মি’, স্ট্যানলি গ্রিনের ‘ওপেন উন্ড’-এর মতো দেশ-বিদেশের খ‌্যাতনামা সব আলোকচিত্রীদের ছবি নিয়ে সাজানো হয়েছে এবারের ‘ছবি মেলা’ ।

এবছরই প্রথমবারের মতো ‘ছবি মেলা’ ১০ জন বাংলাদেশি শিল্পীকে ‘ফেলো’ হিসাবে নির্বাচিত করে তাদের বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শন করবে।

চিত্রকর্ম, অ্যানিমেশন, ভাস্কর্জ, আলোকচিত্র, ভিডিও, সাউন্ড এবং ইন্সটলেশনসহ নানা মাধ্যমে এই কাজগুলো প্রস্তুত করা হয়েছে।

শহীদুল বলেন, “এবারের বিষয় অবস্থানকে যেন আরও বিশদ আকারে অনুসন্ধান করতেই ছবি মেলার এই উদ্যোগ। এর ফলে কেবল আলোকচিত্র নয়, বরং বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্পের সকল মাধ্যমকে অনুপ্রাণিত করাই ছবি মেলা ৯-এর লক্ষ্যগুলোর একটি।”

‘ছবিমেলার’ এবারের কর্মসূচির মধ্যে আছে ৩০টির ও বেশি প্রদর্শনী, ছয়টি কর্মশালা, দুই দিনব্যাপী পোর্টফোলিও রিভিউ এবং সেইসাথে বেশ কিছু আর্টিস্ট টক, লেকচার এবং প্রেজেন্টেশন।

শিল্পকলা একাডেমির পাশাপাশি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানও ভেন‌্যু হিসেবে ব‌‌্যবহৃত হতে পারে। এছাড়া পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে আলোকচিত্র কর্মশালা এবং পোর্টফলিও রিভিউয়ের ক্লাস।

সাদাকালো প্রামাণ‌্যচিত্রের জন্য বিশ্বখ্যাত আলোকচিত্রী অ্যান্ডার্স পিটারসেন পরিচালনা করবেন ‘ইনস্টিটিঙ্কটস’ শিরোনামে একটি কর্মশালা। মার্কাস শেডেন ও ফ্রেড্রিক লেজমি পরিচালনা করবেন ‘দ্য ফটোবুক মাস্টারক্লাস’ কর্মশালা।

‘ওয়ার্কিং ইন্টারন্যাশনালি: স্ট্র্যাটেজিস অ্যান্ড মেথোডোলজিস’ এবং মেরি ও’ শিয়া’র ‘সেফটি ইন ফটোজার্নালিজম’ শিরোনামে টকশোটি পরিচালনা করবেন আলোকচিত্রী শহিদুল আলম, শফিকুল আলম কিরণ এবং আবীর আবদুল্লাহ।

দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিটিউট ২০০০ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এই উৎসবের আয়োজন করছে।