সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু
সরকারি ব্যবস্থাপনায় এবছর হজে যেতে ইচ্ছুকদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
রোববার বিকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে নিবন্ধন কার্যক্রমের সূচনা করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
গত বছর এক লাখ ৪০ হাজার ৯৯৪ জন প্রাক-নিবন্ধন করেছিলেন জানিয়ে মন্ত্রী বলেন, “এদের মধ্যে থেকে হজ ব্যবস্থাপনার সদস্যসহ মোট এক লাখ এক হাজার ৮২৯ জন হজে গেছেন।”
অতিরিক্ত হজযাত্রীরা এবছর অগ্রাধিকার পাবেন বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, “গত বছরের তালিকার পর থেকে এ বছর প্রাক-নিবন্ধন শুরু হবে। এ বছর সরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধন শুরু হবে ৫৪০২ সিরিয়াল থেকে আর বেসরকারি প্রাক-নিবন্ধন শুরু হবে এক লাখ ৪০ হাজার ৯৯৫ নম্বর সিরিয়াল থেকে।
“গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর আমরা প্রাক-নিবন্ধন কার্যক্রমকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরুর জন্য আমরা ইতোমধ্যেই ৯৬৪টি বৈধ হজ এজেন্সির তালিকা এবং টাকা জমা দেওয়ার জন্য ২৫টি ব্যাংকের তালিকা প্রকাশ করেছি।”
বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল, বেসরকারি হজ এজেন্সিগুলোর সংগঠন ‘হাব’ এর সভাপতিসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
