সাতখুনের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ চান অ্যাটর্নি জেনারেল
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রোববার নিজের কার্যালয়ে সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিন বছর আগে নারায়ণগঞ্জে র্যাবের হাতে এক ওয়ার্ড কাউন্সিলরসহ সাতজন খুনের মামলার রায় হতে যাচ্ছে সোমবার। স্বজন হারানো পরিবারগুলো বলছে, খুনিদের প্রাণদণ্ড হলেই বিচার পাবেন তারা।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, “এ ঘটনায় জনগণ একটি রায় চায় এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আমিও এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দেশবাসীর সাথে আমিও সে প্রত্যাশা করছি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
আরেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের পরিকল্পনায় অর্থের বিনিময়ে র্যাব সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটান বলে পুলিশি তদন্তে উঠে আসে। র্যাব-১১ এর তৎকালীন অধিনায়ক সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদসহ তিন কর্মকর্তা রয়েছেন আসামির তালিকায়।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “যারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত, তারাই যদি এ ধরনের হত্যাকাণ্ডের সাথে যুক্ত হয় তবে সেটি হবে ক্ষমার অযোগ্য অপরাধ।”
