কারাগারেই থাকতে হচ্ছে কল্যাণ কোরাইয়াকে
গাড়ির ধাক্কায় আলোকচিত্রী জিয়া ইসলাম আহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার অভিনেতা কল্যাণ কোরাইয়ার জামিন হয়নি।
কল্যাণের নতুন আইনজীবী মোহাম্মদ ফারুক এদিন জামিনের আবেদন করলে ঢাকার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ মামলায় পুলিশ প্রতিবেদন প্রাপ্তি ও আসামির আগের আইনজীবীর অনাপত্তি সাপেক্ষে জামিন শুনানির নির্দেশ দেন।
এর ফলে কল্যাণ কোরাইয়াকে কারাগারেই থাকতে হচ্ছে বলে বাদীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।
গত ৯ জানুয়ারি মধ্যরাতে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে প্রাইভেট কারের ধাক্কায় আহত হন মোটর সাইকেলে থাকা জিয়া। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কল্যাণও সেখানে গিয়েছিলেন।
পরদিন সন্ধ্যায় এই অভিনেতা ফেইসবুকে ‘আই এম ইনোসেন্ট’ লিখে স্ট্যাটাস দিলে তা অনেকের নজরে পড়ে। পুলিশও জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় ডেকে নেয়।
এরই মধ্যে প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত মেজর সাজ্জাদুল কবির কলাবাগান থানায় কল্যাণের নামে মামলা করেন। রাতেই কল্যাণকে গ্রেপ্তার করার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
১১ জানুয়ারি কল্যাণকে হাকিম আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে তিন দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড নাকচ করে আদাশে বলা হয়, তদন্ত কর্মকর্তা চাইলে তিন দিনের মধ্যে কারা ফটকে গিয়ে কল্যাণকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
রোববার কল্যাণের নতুন আইনজীবী হিসেবে মোহাম্মদ ফারুক আদালতে জামিনের আবেদন করলে বাদীপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এর বিরোধিতা করেন।
তিনি বলেন, আসামির পক্ষে মামলা পরিচালনাকারী আগের আইনজীবীর কাছ থেকে অনাপত্তিপত্র না নিয়েই নতুন আইনজীবী আব্নে করেছেন। তাছাড়া এ মামলায় এখনও পুলিশ প্রতিবেদনও হয়নি। এ অবস্থায় জামিন শুনানি হতে পারে না।
শুনানি শেষে বিচারক এ মামলায় পুলিশ প্রতিবেদন এবং আগের আইনজীবীর অনাপত্তিপত্র পাওয়া সাপেক্ষে জামিন শুনানির নির্দেশ দেন বলে প্রশান্ত কর্মকার জানান।
