পুরান ঢাকায় ‘সাক্রাইন’ আনন্দ
সামাজিক ও শাস্ত্রীয় রীতি, আচার-অনুষ্ঠান আর বর্ণিল উৎসবে পৌষকে বিদায় জানাল পুরান ঢাকাবাসী। ধর্মের বেড়াজাল ছিঁড়ে সারা বেলা পৌষ সংক্রান্তির উৎসবে মেতেছিল তারা, কালক্রমে যে উৎসব হয়ে উঠেছে বাঙালির সাক্রাইন।
শনিবার সকাল থেকে চলেছে পূজা পার্বণ। নানাবিধ উপাচারে ডালা হাতে হিন্দু রমণীরা ছুটেছেন মন্দিরে।
দেবতার চরণে অর্ঘ্য নিবেদনের পালা শেষ হতেই পাড়ায় পাড়ায় শুরু হয় ঘুড়ি উড়ানোর ধুম। নানা জাতের, আকারের বাহারি সব ঘুড়ি। নাওয়া, খাওয়া ভুলে সুতা, মাঞ্জা, নাটাইয়ের সঙ্গে কেটেছে তাদের সারাবেলা।
বিকালে ‘বুড়ো বুড়ি’ পূজার প্রসাদ হাতে আকাশে ফানুসের ওড়াউড়ি আর বাহারি খাবারে আনন্দ করেছেন তারা।
‘বুড়ো বুড়ির পূজা’
শনিবার সকাল থেকেই ছিল এই আচার-অনুষ্ঠানের পর্ব। পুরান ঢাকার গোয়ালানগর লেনের দুর্গা মন্দিরে ছিল সংক্রান্তি পূজা, স্থানীয়রা যাকে বলছেন ‘বুড়ো বুড়ির পূজা’। পূজায় পৌরহিত্য করেছেন সুকুমার চক্রবর্তী।
তিনি জানান, হিন্দু শাস্ত্রমতে পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়।
শাস্ত্রমতে মানুষের এক বছর দেবতাদের একটি দিন-রাতের সমান অর্থাৎ মানুষের উত্তরায়ণের ছয় মাস দেবতাদের একটি দিন ও দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের একটি রাত। দেবতাদের রাত পৌষ সংক্রান্তির দিন শেষ হয় বলে পরবর্তী উদয়ের ব্রহ্মমুহূর্ত থেকে (গোস্বামী মতে) দেবগণের দিবা শুরু হয়। ওই সময় ‘স্বর্গবাসী ও দেবলোকের সকলেরই নিদ্রা ভঙ্গ হয় এবং নিত্য ভগবৎ সেবামূলক নানা ক্রিয়া শুরু হতে থাকে’।
প্রসন্ন পোদ্দার লেনের বাসিন্দা ৭৬ বছর বয়সী জোৎস্না বসাক বলেন, “আমরা এখানে পূজা দেই সন্তানের মঙ্গল কামনায়। যাদের ছেলেপুলে হয় না, তারা এখানে এসে যদি মানত করে, তবে তারা অভীষ্ট পাবেই। আমরা সারাবেলা উপাস থাকি, সন্ধ্যায় পূজা হলে ফল প্রসাদ গ্রহণ করি। এদিন কোনো আমিষ খাওয়া চলে না।”
কোর্ট হাউজ স্ট্রিটের বাসিন্দা সুরেন্দ্র চন্দ্র ঘোষ বলেন, “এ পূজাটি পৌষ সংক্রান্তির প্রধান পূজা। কেউ থানে করে, কেউ আবার প্রতীমা গড়ে এই পূজা করে। পুরান ঢাকার হিন্দুরা এ পূজাটি করবেই।”
ঘুড়ি উড়ানো
সাক্রাইন উৎসব উপলক্ষে শাঁখারিবাজার লেনের শাখা—শংখের দোকানগুলো হয়ে উঠেছিল ঘুড়ি বিক্রির অস্থায়ী স্টল। ঘুড়ির পাশাপাশি নাটাই, সুতা নিয়ে অস্থায়ী স্টলগুলোতে খুদে থেকে শুরু করে ভিড় জমিয়েছেন বয়সীরাও।
জয় বাবা লোকনাথ এন্টারপ্রাইজের শুভ দাশ জানান, পঙ্খীরাজ, বোমা, কাউঠাবাজ, চাদুদর, রকঘুড্ডি, ২০১৭, লাভ, নিউ ইয়ার, ছোটদের জন্য গ্যাস বেলুন, তারাবাতি, মাছলেঞ্জা ঘুড়িগুলো তারা বিক্রি করছেন। প্রকারভেদে এসব ঘুড়ির দাম ৮ টাকা থেকে ১২ টাকা।
ডলফিন, ড্রাগন সুতাগুলোর দাম ছিল ৬০ থেকে ২৫০ টাকা।
খুদেদের হাতে দেখা যায়, ছোট ভিম, মোটুপাতলু, বেনটেইন ঘুড়িগুলো। বড়দের হাতে ছিল চারগোয়া, দুই গোয়া, লাভ, ডাব্বা, গরুর মাথা, নাকবাহার, মুখবাহার, গগন্দার, মতিমহল, সিংহদার, মাজদারসহ আরও হরেক রকমের ঘুড়ি।
মাঞ্জা দেওয়া শেষ হলে দুপুর আড়াইটা থেকে পুরান ঢাকার আকাশে উড়তে শুরু করে ঘুড়ি। কার ঘুড়ি কে কেটে দেয়, তারই প্রতিযোগিতা চলেছে সারা বিকেল।
হরিপ্রসন্ন মিত্র রোডে সুদেব সুরদের বাড়িতে চলছিল প্রতিযোগিতা। সেখানে তরুণদের পাশাপাশি ঠাঁই নেন তরুণীরাও।
বলতে বলতেই, কল্যাণদের দলের দুটি ‘গগন্দার’ কাটা পড়ল পাশের ‘সিংহদার’ ঘুড়িতে।
সন্ধ্যার পর ছিল আতশবাজি ও ফানুস ওড়ানো ও আগুন খেলা।
এই উৎসব উপলক্ষে ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে শনিবার হাজারীবাগস্থ ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মাঠে ঘুড়ি উড়ানোর উৎসব ও ঘুড়ি র্যালির আয়োজন করা হয়।
এতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা সাদেক হামিদ সাজু, ঘুড়ি ফেডারেশানের সহ-সভাপতি আবদুল বারেক সোনা মিয়া, ঢাকা ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন মিন্টু ও সংগঠনের সভাপতি মোহাম্ম শুকুর সালেক।
এবারের ঘুড়ি উৎসবের স্লোগান ছিল ‘নগরের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ চাই।’
