২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এসডিজিই বিশেষ সম্মেলন’ শুরু শনিবার

স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা ও পরিবেশ (এসডিজিই) নিয়ে ‍শনিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 07:42 PM

Updated : 19 Aug 2022, 03:28 PM

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন শুরু হবে বলে শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে জানানো হয়।

এসডিজিই সম্মেলনের যৌথ আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।

সংবাদ সম্মেলনে বাপার সদস্যসচিব আবদুল মতিন জানান, শনিবার সকালে শুরু দুইদিনের এই সম্মেলন রোববার সন্ধ্যা ৭টায় শেষ হবে।

সম্মেলনে অংশ নেওয়ার জন্য ই-মেইলে বা ডাকযোগে বাপা কার্যালয়ে নিবন্ধন করা যাবে বলে জানিয়ে তিনি বলেন, যারা দুইদিনের সম্মেলনে খাদ্যগ্রহণ করবেন কেবল তাদেরকেই নিবন্ধন ফি হিসাবে ৩০০ টাকা পরিশোধ করতে হবে।

এ সময় বিশেষ সম্মেলন সম্পর্কে মতিন বলেন, “স্থায়িত্বশীল উন্নয়ন ও এর ক্ষেত্রে পরিবেশ রক্ষার ভূমিকা নিয়ে আমরা নতুন করে কোনো কথা বলছি না, বিগত ১৪-১৫ বছর ধরে যেটা বলে আসছি তা জাতিসংঘের এসডিজিতে অন্তর্ভুক্ত হয়েছে মাত্র। এ কারণে সম্মেলন অনেক গুরুত্ববহ। এসডিজিকে কেন্দ্র করে কী করা যায়, সেটা আলোচনা করে বের করা হবে।”

সম্মেলনকে ঘিরে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিনিধি, পরিবেশ আন্দোলনের অ্যাক্টিভিস্ট ও পেশাজীবীরা এক জায়গায় মিলিত হবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক খন্দকার বজলুল হক বলেন, “আমরা বিদ্যুৎ উৎপাদনের পক্ষে, কিন্তু সেটা উন্নয়নের নতুন ধারণার বিরুদ্ধে গিয়ে নয়।”

‘উন্নয়নের নতুন ধারণার’ বিষয়ে তিনি বলেন, “আগে উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি বুঝাতো। এখন উন্নয়নের লক্ষ্য প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক বৈষম্য দূরীকরণ এবং সেটা করার ক্ষেত্রে পরিবেশ রক্ষার দিকটিও বিবেচনায় নিতে হয়। পরিবেশ ঠিক না থাকলে উন্নয়ন টিকবে না।”

সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করলে সেখানে কোনো না কোনোভাবে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন অধ্যাপক বজলুল হক।

তিনি বলেন, “এটা ১০ মাইল বা ১২ মাইলের মধ্যে বা বাইরে হলো সেটা বিষয় না। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে সেখানে যে জনবসতি বা ফ্যাক্টরি গড়ে উঠবে সেটা এমনিতে বনের ক্ষতি করবে।কয়লা পরিবহন করলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা নদী রক্ষাও ঝুঁকির মধ্যে পড়বে।”

বজলুল হক বলেন, ‍“এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে বনের যে ক্ষতি হবে তাতে ভবিষ্যত প্রজন্ম দেখবে, যারা এক্ষেত্রে আপত্তি তুলেছিল তারাই ঠিক ছিল। হয়তো এখন যারা আপত্তি করছেন তারা সেসময় বেঁচে থাকবেন না।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পরিবেশ নেটওয়ার্কের বিশ্ব সমন্বয়কারী নজরুল ইসলাম ও অস্ট্রেলিয়া শাখার সমন্বয়কারী কামরুল হাসান খান বক্তব্য দেন।