২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর হোটেলে ঠিকাদারের মৃত্যু

রাজধানীর ফার্মগেইটের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 07:27 PM

Updated : 19 Aug 2022, 03:28 PM

পুলিশ বলছে, মৃত শফিক আহেমেদ চৌধুরী (৫০) পেশায় একজন ঠিকাদার। তার বাড়ি চট্টগ্রামের লালপুরে।

শুক্রবার বেলা ১১টার দিকে ‘হোটেল ফার্মগেইটের’ ৭১০ নম্বর কক্ষের দরজা ভেঙে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তেজগাঁও থানার ওসি মাযহারুল ইসলাম।

হোটেল ব্যবস্থাপকের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত মঙ্গলবার হোটেলের ওই কক্ষে উঠেন শফিক। শুক্রবার কক্ষটি ছেড়ে দেওয়ার কথা ছিল তার।

সকালে শফিকের স্বজনরা হোটেলে আসেন। কিন্তু তার কক্ষের দরজা বন্ধ পেয়ে এবং ডাকাডাকিতে কোনো সাড়া না দেওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর পাঠায়। পুলিশ ওই কক্ষের দরজা ভেঙে অচেতন অবস্থায় শফিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওই কক্ষে মদের বোতল পাওয়া যায় জানিয়ে অতিরিক্ত মদ্যপানে ওই ঠিকাদারের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ কর্মকর্তা মাযহার।