সঞ্জীব চৌধুরীর স্মরণে ‘কনসার্ট ফর ফাইটার্স’
সংগীত শিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে ‘কনসার্ট ফর ফাইটার্স’, যে আয়োজনকে ঘিরে অর্থ সংগ্রহ করা হচ্ছে গোবিন্দগঞ্জে উচ্ছেদ হওয়া সাঁওতালদের জন্য।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে টিএসসির রাজু ভাস্কর্য চত্বরে কণ্ঠশিল্পী তমালের পরিবেশনায় কনসার্ট শুরু হয়। ব্যান্ড শিল্পী মাকসুদ, কণ্ঠ শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ও সীনা হাসানের পাশাপাশি গানের দল সহজিয়া, মেঘ দল, মাদল, সমগীত, চিৎকার, মনোসরণি, লীলা, গানপোকা এবং আদিবাসী মেয়েদের ব্যান্ড দল এফ-মাইনরের পরিবেশনার কথা রয়েছে সেখানে।
কনসার্টটি রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে বলে অন্যতম আয়োজক ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাস জানান।
বিশ্ব ও দেশের যে সব জাতি তাদের অস্তিত্ব, সংস্কৃতি রক্ষার জন্য লড়ছে তাদের জন্য এই কনসার্টের নাম ‘কনসার্ট ফর ফাইটার্স’ হয়েছে বলে জানান তিনি।
সঞ্জীব চৌধুরী ছিলেন ব্যান্ড দল ‘দলছুট’র অন্যতম প্রতিষ্ঠাতা। দলছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুর দিয়েছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন সঞ্জীব চৌধুরী। দৈনিক ভোরের কাগজ, আজকের কাগজ ও যায়যায়দিন-এ কাজ করেছেন তিনি।
