চার্জশিট আটকে রাখায় দুদক কর্মকর্তা বরখাস্ত
ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা এক মামলার অভিযোগপত্র আদালতে দাখিল না করে আটকে রাখায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া এস এম শামিম ইকবাল দুদকের সহকারী পরিচালক হিসেবে ঢাকায় কর্মরত।
বৃহস্পতিবার দুদকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জনসংযোগ শাখার উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শামিম ইকবাল কমিশন স্বাক্ষরিত চার্জশিট দীর্ঘদিন ধরে অনুমোদন করেননি। চার্জশিট আদালতে দাখিল করা হয়নি বিধায় পরবর্তীতে মামলার আসামি ডিসচার্জ হয়ে যায়।”
এই দুদক কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, পেশাগত অসদাচরণ ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে বলেও জানান প্রণব।
