পর্দা উঠছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে নয় দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।
তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনের (ফিপ্রেসি) সভাপতি আঁলিন তাসকিয়ান।
রেইনবো ফিল্ম সোসাইটির ২৫ বছর পূর্তিতে এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র দেখার সুযোগ পাবে সিনেমাপ্রেমীরা।
জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ, আমেরিকান সেন্টার মিলনায়তন ও স্টার সিনেপ্লেক্সের পাঁচটি ভেন্যুতে চলবে এ উৎসব।
স্টার সিনেপ্লেক্স ছাড়া অন্যান্য ভেন্যুতে ৩০ টাকা দর্শনীর বিনিময়ে দেশ-বিদেশের বৈচিত্র্যময় বিষয়ের ওপর নির্মিত সব সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকরা। তথ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুদান সহায়তায় উৎসবের পৃষ্ঠপোষকতা করছে আইএফআইসি ব্যাংক।
সংবাদ সম্মেলনে আহমেদ মুজতবা জামাল জানান, উৎসবের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রদর্শিত হবে লেবাননের নির্মাতা মাই মাসরি নির্মিত চলচ্চিত্র ‘থ্রি হানড্রেড নাইটস’। ছবি দেখার এ বিশাল আয়োজনের অন্যতম আকর্ষণ রেট্রোস্পেক্টিভ বিভাগে প্রদর্শিত হবে ইরানি নির্মাতা আব্বাস কিওরোস্তামি এবং তুরস্কের নারী নির্মাতা ইয়াসিম ইয়াস্তাওগলু নির্মিত পাঁচটি করে ছবি।
উৎসবে বাংলাদেশ ছাড়া ভারত, আফগানিস্তান, ইরান, জার্মানি, শ্রীলঙ্কা, কাতার, ফ্রান্স, মঙ্গোলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, চীন, নেদারল্যান্ডস, পাকিস্তান, কিউবা, ডেনমার্ক, বেলজিয়াম, ইরাক, আফগানিস্তান, নরওয়ে, সৌদি আরব, তুরস্ক, মিশর, থাইল্যান্ড, পোল্যান্ডসহ ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এছাড়া সাতটি বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিভাগগুলো হলো এশিয়ান কমপিটিশন, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশন, চিলড্রেনস ফিল্ম সেকশন, স্পিরিচুয়াল ফিল্মস, উইমেন ফিল্ম মেকার সেকশন, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম সেকশন ও নরডিক ফিল্ম সেকশন।
উৎসবের অংশ হিসেবে রেইনবো চলচ্চিত্র সংসদ ও জাতীয় জাদুঘর যৌথভাবে সপ্তম ঢাকা সিনেমা ওয়ার্কশপের আয়োজন করেছে। ৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলমান কর্মশালাটি পরিচালনায় রয়েছেন ইরানের নির্মাতা অধ্যাপক মজিদ মোভাগাস্কি।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় চলচ্চিত্রে নারী বিষয়ক তৃতীয় ঢাকা আন্তর্জাতিক সম্মেলন হবে। ১৩ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী আলিয়ঁস ফ্রঁসেজে এই সম্মেলন উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।
একই স্থানে ১৫ জানুয়ারি মোনাকোভিত্তিক ইন্টারন্যাশনাল এমারজিং ট্যালেন্ট ফিল্ম অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলচ্চিত্র সংশ্লিষ্টদের উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হবে। এটি পরিচালনা করবেন চলচ্চিত্রকার ও সাংবাদিক সামিয়া জামান।
আহমেদ মুজতবা জামাল বলেন, “এ উৎসব বাংলাদেশের মর্যাদাসম্পন্ন ও উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসব, যা দেশে রুচিসম্পন্ন ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে ব্যাপক অবদান রাখছে। রেইনবোর এই উৎসব প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে কাজ করছে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উৎসব পরিচালনা পর্ষদের উপদেষ্টা কবি রবিউল হুসাইন, নাট্যজন ম হামিদ, চলচ্চিত্র বিশেষজ্ঞ হায়দার রিজভী ও সাংবাদিক সামিয়া জামান।
