২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন জেলা পরিষদ চেয়ারম্যানরা 

প্রথমবারের মত ভোটের মাধ‌্যমে নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে দেশসেবার দায়িত্ব পালনের শপথ নিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2017, 11:35 AM

Updated : 11 Oct 2022, 01:19 PM

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে দেশের ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়ান।

জেলা পরিষদের এই নির্বাচিত জন প্রতিনিধিদের ‘সৎ ও নিষ্ঠাবান’ থেকে দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

জেলা পরিষদের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস‌্যরা আগামী ১৮ জানুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ নেবেন বলে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক জানান।

তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় গত ২৮ ডিসেম্বর প্রথমবারের মত নির্বাচনের আয়োজন করা হলেও আদালতের আদেশে কুষ্টিয়া ও বগুড়ায় চেয়ারম্যান পদে নির্বাচন আটকে যায়।

বিএনপি ও জাতীয় পার্টির বর্জনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল মনোনীত ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ভোটের আগেই। ভোটের দিন আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহীরা জেতেন ৩৮ জেলায়।

প্রতি জেলায় একজন করে চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য ও পাঁচজন সংরক্ষিত সদস্য নির্বাচিত হন এ নির্বাচনে।

১৯৮৮ সালে এইচ এম এরশাদ সরকার প্রণীত স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইনে জেলা পরিষদের চেয়ারম্যানকে সরকার কর্তৃক নিয়োগ দেওয়ার বিধান ছিল; পরে আইনটি অকার্যকর হয়ে পড়ে।

১৯৮৯ সালে তিন পার্বত্য জেলায় একবারই সরাসরি নির্বাচন হয়েছিল। ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাচিত জেলা পরিষদ গঠনের জন্য নতুন আইন করে।

 এরপর ২০১১ সালের ১৫ ডিসেম্বর সরকার ৬১ জেলায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাদের প্রশাসক নিয়োগ দেয়। অনির্বাচিত এই প্রশাসকদের মেয়াদ শেষে এবারের নির্বাচন হয়।