২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে আ. লীগের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপে যোগ দিতে বুধবার বঙ্গভবনে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 12:44 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার আওয়ামী লীগের প্রতিনিধি দলের তালিকা বঙ্গভবনে পাঠানো হয়। বুধবার বিকাল ৪টায় বঙ্গভবনের দরবার হলে এই সংলাপ বসবে।

শেখ হাসিনার নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল মাল আবদুল মুহিত, এইচ টি ইমাম, ইউসুফ হোসেন হুমায়ুন, মোহাম্মদ জমির।

সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, সাহারা থাতুন ও সৈয়দ আশরাফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও আইনমন্ত্রী আনিসুল হকও থাকছেন এই প্রতিনিধি দলে।  

সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনা মধ্য দিয়ে গত ১৮ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্র প্রধান আবদুল হামিদ।

২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ‘সার্চ কমিটির’ মাধ্যমে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

আগামী ফেব্রুয়ারিতে এ কমিশনের মেয়াদ শেষে নতুন যে ইসি দায়িত্ব নেবে, তাদের অধীনে ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।

এবারও যে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটি’ করে নতুন কমিশন নিয়োগ দেবেন, সে বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হক আগেই জানিয়েছিলেন। তবে রাষ্ট্রপতির কার্যালয় থেকে সার্চ কমিটি গঠন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

এবার চার দফায় মোট ২৩টি দলকে আলোচনায় আমন্ত্রণ জানান আবদুল হামিদ। এর মধ্যে কেবল আওয়ামী লীগের সঙ্গেই আলোচনা বাকি।

ক্ষমতাসীনদের সঙ্গে আলোচনার মধ‌্য দিয়েই ইসি গঠন নিয়ে এবারের সংলাপ শেষে হতে পারে বঙ্গভবন থেকে ইঙ্গিত পাওয়া গেছে।