২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তুরিন বললেন, হামলাই হয়েছিল

গাইবান্ধার পলাশবাড়ীতে হামলার শিকার হয়েছেন দাবি করে তুরিন আফরোজ বলছেন, পুলিশ ঘটনাটি আড়াল করতে চাইছে।

নিজস্ব প্রতিবেদক

ও গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 11:18 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

সোমবার বিকালের এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব‌্যুনালের এই প্রসিকিউটার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুব আশ্চর্যজনকভাবে ঘটনার এক ঘণ্টার মধ্যে পুলিশ তদন্ত শেষ করে গণমাধ্যমে একটি বক্তব্য প্রদান করেছে।”

তুরিন বিকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবাকে দাফন করে নীলফামারী থেকে ফেরার পথে পলাশবাড়ীতে হামলার মুখে পড়েন তিনি।

এই আইনজীবীর বাবা সাবেক কর কর্মকর্তা তছলিম উদ্দিন আহমেদ গত মঙ্গলবার মারা যান। নীলফামারীর জলঢাকার চাওরাডাঙ্গি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করে সোমবার ফিরছিলেন তুরিন।

তিনি বলেন, “বাবার দাফন শেষে ঢাকায় ফিরছিলাম। বেলা সাড়ে ৩টার দিকে পলাশবাড়ীতে গাড়ি পৌঁছালে সেখানে হামলা হয়। আমি অক্ষত আছি। বর্তমানে ঢাকার পথে আছি।”

হামলায় গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তুরিন।

Image
প্রসিকিউটর তুরিন আফরোজ (ফাইল ছবি)

প্রসিকিউটর তুরিন আফরোজ (ফাইল ছবি)

তার সঙ্গে কথা হওয়ার পর গাইবান্ধা পুলিশ জানায়, পলাশবাড়ী উপজেলা শহরের শিল্পী হোটেল মোড়ে তুরিন আফরোজের প্রাইভেটকারটিকে মোটর সাইকেল দিয়ে ধাক্কার দেওয়ার অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে আটক করেছে তারা।

আটক কিশোরের বাড়ি কিশোরগাড়ী ইউনিয়নের জায়তরবালা গ্রামে, তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুরিন আফরোজের প্রাইভেটকারটি ওই মোড় অতিক্রমের সময় একটি সংযোগ (পলাশবাড়ী কলেজ রোড) সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ওই মোটর সাইকেলের ধাক্কা লাগে। এক কিশোর মোটর সাইকেলটি চালাচ্ছিল। তার বন্ধু পেছনে বসা ছিল।”

মোটর সাইকেল চালক ওই কিশোরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

তিনি বলেন, “ওই কিশোরের একাধিক প্রতিবেশী পুলিশকে বলেছে, সে সবেমাত্র মোটরসাইকেল চালানো শিখেছে। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। তারপর এই দুই কিশোরের সম্পর্কে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।”

ওসি মজিবুরের বক্তব‌্যের প্রতিক্রিয়ায় তুরিন বলেন, পুলিশ তার সঙ্গে কোনো যোগাযোগ না করেই ঘটনার উপসংহার টানতে চাইছে।

“আমি মনে করি, ওসি মজিবুর রহমানের এই ধরনের তথাকথিত তদন্ত ও বক্তব্য পক্ষপাতদুষ্ট ও বিশেষ মহল দ্বারা প্রভাবান্বিত।”

“আমি এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি,” বলেন এই আইনজীবী।

পুরনো খবর:

তুরিনের গাড়িতে বাইকের ধাক্কা, কিশোর আটক