২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাফর ইকবালকে সম্মাননা জানিয়ে শেষ সায়েন্স ফিকশন ফেস্টিভাল

বাংলা সাহিত্যে বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনায় ‘অসামান্য অবদানের’ জন্য লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 11:38 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার চত্বরে আয়োজিত দুই দিনব্যাপী ফেস্টিভালের শেষদিন শনিবার বিকালে গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে লেখকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, “ছোটদের জন্য লেখালেখি করি। কোনো লেখা ভালো হলে এই খুদে পাঠকদের যে অনুভূতির প্রকাশ ঘটে, তার তুলনা নেই। আবার খারাপ হলেও তারা অকপটে বলে ফেলে- ‘স্যার কী লিখেছেন’।

“পড়ে এসে বলে, সমালোচনাও করে। এসব কিছুর পর আমার মনে হয়েছে, জীবনে যা কিছু পাওয়া দরকার তার চেয়ে বেশি কিছু পেয়েছি।”

সম্মাননাপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মুহম্মদ জাফর ইকবাল বলেন, “বিজ্ঞানকে আশ্রয় করে বানিয়ে বানিয়ে আমি অনেক লেখা লিখেছি।”

বিজ্ঞানকে আশ্রয় করে জনপ্রিয় অনেক গল্প লেখা এই লেখক জানান, এর আগে তার ৫০ বছর ও ৬০ বছর পূর্তি উপলক্ষে দুইবার সংবর্ধনা দেওয়ার চেষ্টা হলেও তাতে তিনি সায় দেননি। এবারই প্রথম সংবর্ধনা গ্রহণ করছেন।

সম্মাননাপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মুহম্মদ জাফর ইকবাল বলেন, “এ ধরনের আয়োজনে একটা আন্তরিকতা উপলব্ধি করছি। এর মাধ্যমে আমার প্রতি অনেকের ভালোবাসার প্রকাশটা উপলব্ধি করতে পারলাম।”

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ।

তিনি বলেন, “জাফর ইকবাল যখন দামি চাকরি ফেলে আমেরিকা থেকে ফিরে এলো, তখন খুব অবাক হয়েছিলাম। এরপর আবার যখন তার লেখা পড়তে শুরু করলাম তখন মুগ্ধ হলাম। তার আগে কল্পবিজ্ঞান নিয়ে বাংলা সাহিত্যে তেমনভাবে কেউ লেখালেখি করেননি।”

জাফর ইকবালকে এদেশের কল্পবিজ্ঞান লেখকদের মধ্যে ‘অগ্রগণ্য’ হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, “নাটক লেখার ক্ষেত্রে জাফর ইকবালের দক্ষতা রয়েছে। তাই তিনি নাটক লিখলে উপকৃত হতো এদেশের নাট্যাঙ্গন।”

সায়েন্স ফিকশন লেখার পাশাপাশি শিক্ষা ব্যবস্থাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সোচ্চার জাফর ইকবালকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তার সহধমিণী অধ্যাপক ইয়াসমিন হক এবং অনুজ লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব।

সম্মাননা অনুষ্ঠানের সভাপতি ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “মুহম্মদ জাফর ইকবালের প্রতি পাঠকসহ বিভিন্ন স্তরের মানুষের অনুরাগের প্রকাশ ঘটেছে এ আয়োজনে। একজন লেখকের জন্য এটা অবশ্যই প্রেরণাদায়ী।”

লেখালেখির পাশাপাশি মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে লেখক জাফর ইকবাল সোচ্চার ভূমিকা রেখেছেন মন্তব্য করে তিনি বলেন, “কল্পবিজ্ঞান ছাড়াও তার বিভিন্ন লেখায় অবিরত প্রকাশ পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। সেটা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার এই বাংলাদেশের প্রতি আকৃষ্ট করেছে।

“তাকে পেলে শিশুরা যেভাবে উল্লসিত হয়ে ওঠে, অন্য কিছুতে তারা তেমন উচ্ছ্বসিত হয় না। এটাও এ লেখকের অনন্য একটি অর্জন,” বলেন বাংলা একাডেমি সভাপতি।

অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবালের হাতে সংবর্ধনার স্মারক তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান। সেই সঙ্গে তাকে পরিয়ে দেওয়া হয় উত্তরীয়।

সম্মাননা প্রদানের পর ছিল লাল-নীল বাতির খেলায় লেজার শো। এছাড়াও এদিন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় এলিয়েন উৎসব।

শিক্ষার্থীদের স্বহস্তে তৈরি কিংবা আঁকা এলিয়েনের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ এলিয়েন নির্মাণকারী শিক্ষার্থীদের দেওয়া হয় বিশেষ পুরস্কার। সব শেষে এলিয়েনদের উড়িয়ে দেওয়া হয় মহাশূন্যের উদ্দেশ্যে! এর মাধ্যমে শেষ হয় দুদিনের এই উৎসব।

পুরনো খবর:

ঢাকায় শুরু হলো সায়েন্স ফিকশন ফেস্টিভাল