২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশুভ প্রতিহতে সেনাবাহিনী আগের চেয়ে বেশি প্রস্তুত: প্রধানমন্ত্রী

যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে বাংলাদেশের সেনাবাহিনী আগের চেয়ে ‘অনেক বেশি’ প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 11:04 PM

Updated : 11 Oct 2022, 01:17 PM

নোয়াখালীর স্বর্ণদ্বীপে (জাহাইজ্জার চর) সেনাবাহিনীর ম্যানুভার মহড়ায় তিনি বলেন, “আমাদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে ওঠা এই সেনাবাহিনী যে কোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে পূর্বের চেয়ে অনেক বেশি প্রস্তুত।

“সাঁজোয়া, গোলন্দাজ ও পদাতিক বাহিনীর নতুন প্রবর্তিত যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।”

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের চৌকস সেনাবাহিনীর অত্যাধুনিক রণসজ্জা ও তাদের সুদৃঢ় কার্যক্রম পেশাদারিত্বের স্বাক্ষর বহন করে।

“আজকের এই মহড়া সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বেরই প্রতিফলন, যা একটি আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনীর উৎকৃষ্ট উদাহরণ।”

 

১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ‘সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন-২০১৬’ মহড়া অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপ পৌঁছে মাল্টি পারপাস সাইক্লোন সেন্টারের উদ্বোধন করেন এবং সেখানে একটি নারকেল গাছের চারা রোপণ করেন।

নোয়াখালীর দক্ষিণে ১৯৭৮ সালে মেঘনা নদীতে জেগে ওঠে এই চর। ৩৬০ বর্গকিলোমিটার আয়তনের চরটি ২০১৩ সালে সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং জায়গাটি বসতি স্থাপনের উপযোগী করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা তিন মিটার।

শেখ হাসিনা বলেন, “এই দ্বীপে আরও তিনটি সাইক্লোন শেল্টার অতি দ্রুত তৈরির পরিকল্পনা আমাদের সরকারের রয়েছে। আমাদের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী এই দ্বীপে বসবাসকারীদের স্বয়ংসম্পূর্ণ করার কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”

অত্যধিক লবণাক্ত হওয়া সত্ত্বেও এই চরে বিভিন্ন প্রকারের ধান ও রবিশস্য চাষ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “এখানে বিশেষ পদ্ধতিতে নারিকেল বাগান করা হয়েছে। চরের ক্ষয়প্রবণ ভূমিকে ধরে রাখার জন্য কেওড়া বাগান করা হচ্ছে।”

প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার সময় উপযোগী একটি আধুনিক ও উন্নত সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছে, যা সারা বিশ্বে আমাদের সামরিক বাহিনীকে একটি উন্নত ও আধুনিক বাহিনীর মর্যাদা এনে দিয়েছে।”

 

জনসেবামূলক কর্মকাণ্ডে সেনাবাহিনীর অংশগ্রহণের প্রশংসাও করেন তিনি।

প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ডেইরি ফার্ম এবং একটি নারকেল বাগান ঘুরে দেখেন।

সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহম্মদ শফিউল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব‌্য দেন।

মন্ত্রিপরিষদের সদস্য, নৌ ও বিমানবাহিনী প্রধান, সংসদ সদস্য এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।