দাবি আদায়ে আন্দোলনে নামছে বাপসা
বেতন গ্রেডের উন্নীতকরণসহ তিন দফা দাবি আদায়ের অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)।
ইউপি সচিবদের এসব দাবি না মানা হলে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি করা হবে বলে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে জানায় বাপসা।
এতে বাপসার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সংগঠনের পক্ষে তিন দফা দাবি উত্থাপন করেন।
এর মধ্যে ইউপি সচিবদের পদবি পরিবর্তন করে ১০ম গ্রেড স্কেলের মর্যাদা দেওয়া; বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধাদি শতভাগ সরকারি কোষাগার থেকে দেওয়ার ব্যবস্থা করা এবং ইউপি কর্মচারীদের পেনশন ব্যবস্থা নিশ্চিত করা রয়েছে।
সারা দেশের চার হাজার ৫৩৬টি ইউনিয়ন পরিষদের কর্মরত সচিবদের সংগঠন বাপসা।
সংগঠনটির সভাপতি শেখ মো. হাবিবুর রহমান দাবি আদায়ে আন্দোলনে যাওয়ার কথা জানিয়ে বলেন, দিন দিন ইউপি সচিবদের চাকরি জটিল পরিস্থিতির শিকার হচ্ছে।
প্রবিধান মালায় স্বার্থবিরোধী আইন করে ইউপি সচিবদের প্রতি প্রশাসন উদাসীনতা দেখাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
