জাতীয় কবিতা উৎসব শুরু ১ ফেব্রুয়ারি
‘বর্বরতা মানে না কবিতা’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব।
জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ৩১তম এই আসরের উদ্বোধন করবেন কবি বেলাল চৌধুরী।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানিয়ে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে কবিতা পরিষদ।
জাতীয় কবিতা পরিষদ সভাপতি কবি মুহাম্মদ সামাদ-এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।
এ বছর কবিতা উৎসবে ১৫টি দেশের খ্যাতিমান কবিরা অংশ নেবেন।
তারিক সুজাত বলেন, “স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে যে কবিতা উৎসবের শুরু ১৯৮৭ সালে, কালের পরিক্রমায় সে উৎসব আজ ৩০ বছর অতিক্রম করেছে। যাবতীয় অশুভের বিরুদ্ধে বাংলাদেশের প্রগতিশীল কবিরা আদি কবিদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সাম্য, মৈত্রী ও শান্তির স্বপক্ষে জয়গান গেয়েছেন তিন দশক ধরে এ উৎসবকে ঘিরে।”
কবিতা উৎসবের শুরুর সময়ে স্বৈরাচারের বিরুদ্ধে ‘শৃঙ্খলমুক্তির’ ডাক দেওয়া কবিরা পরবর্তীতে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সন্ত্রাসী হামলা, নির্যাতন, হত্যাকাণ্ড এবং বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নেন।
মুহাম্মদ সামাদ বলেন, “আমরা কবিরা, আমাদের কবিতাকে এই বর্বরতার বিরুদ্ধে দৃঢ় উচ্চারণে ৩১তম জাতীয় কবিতা উৎসবের মর্মবাণী হিসেবে গ্রহণ করে বাংলাদেশসহ সারা বিশ্বের শান্তিকামী মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”
অমর একুশে গ্রন্থমেলা ও বাংলা একাডেমির আন্তর্জাতিক সম্মেলনসহ অন্যান্য সাংস্কৃতিক উৎসবগুলোর সঙ্গে কবিতা উৎসবকে সমন্বয় করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, জাতীয় কবিতা উৎসব উপলক্ষে টিএসসির দ্বিতীয় তলায় একটি অস্থায়ী বুথ খোলা হয়েছে। সেখানে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ৩১তম জাতীয় কবিতা উৎসব ২০১৭-এর আহ্বায়ক কবি রবিউল হুসাইন, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি কাজী রোজী, কবি সাযযাদ কাদির, কবি হারিসুল হক, কবি দিলারা হাফিজ ও কাবি হালিম আজাদ বক্তব্য রাখেন।
