২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছায়ানটে নৃত্য-উৎসব

ছুটির দিনে রাজধানীর ছায়ানট বিদ্যায়তনে হয়ে গেল নৃত্য উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 12:34 AM

Updated : 11 Oct 2022, 01:17 PM

শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই উৎসবে ছিল মণিপুরী, ওড়িশি, ভরতনাট্যম, গৌড়ীয় ও কত্থক নৃত্যের পরিবেশনা।

মণিপুরী নৃত্য

শর্মিলা বন্দোপাধ্যায়, সোনিয়া রশীদ ও ছায়ানটের শিক্ষার্থীদের ‘রাধা রুপ পরেং’ শিরোনামে মণিপুরী নৃত্য পরিবেশনায় শুরু হয় উৎসব। তারপর সিলেট থেকে আসা নৃত্যশিল্পী শান্তনা দেবী মণিপুরি নৃত্যে তুলে ধরেন হিন্দু পুরাণের দশাবতরের নানা কল্পচিত্র।

ঢাকার সুইটি দাশ পরিবেশ করেন ‘শিবপঞ্চক স্মরম’। ধৃতি নর্তনালয় পরিবেশন করে ‘দণ্ডরাস’ নৃত্য। ‘শুক-সারী দ্বন্দ্ব’ কথা পরিবেশন করেন সামিনা হোসেন প্রেমা। তামান্না রহমান ও তার দল পরিবেশন করে ‘ঢোল-করতাল চলম্’ শীর্ষক মণিপুরী নৃত্য।

 

ওড়িশি পর্ব

এ পর্বে চট্টগ্রামের নৃত্যশিল্পী প্রমা অবন্তি পরিবেশন করেন ‘অভিনয়’।

ভরতনাট্যম

ছায়ানটের ‘সাবেরী যতিস্মরম্’ পরিবেশনায় শুরু হয় ভরতনাট্যম পর্ব। ঢাকার সৃষ্টি কালচারাল সেন্টারের ‘শব্দম’ পরিবেশনার পর

অমিত চৌধুরী ‘শিবপদম্’, তামান্না রহমান তন্দ্রা ‘শঙ্করারুদ্র’ পরিবেশন করেন। পরে জাগো আর্ট সেন্টার ‘তিলানা’ শিরোনামে সম্মেলক নৃত্য পরিবেশন করে।

 

গৌড়ীয় নৃত্য

এ পর্বে ছিল রাচেল প্রিয়াংকা প্যারিসের একক পরিবেশনা।

কত্থক

কত্থক পর্বটি শুরু হয় মুনিরা পারভীন হ্যাপির ‘ঠুমরি’ পরিবেশনায়। কত্থক নৃত্য সম্প্রদায়ের ‘ছন্দমালিকা’ পরিবেশনের পর মেহ্রাজ হক তুষার ‘তারানা’ পরিবেশন করেন। পরে          মুনমুন আহমেদ ও তার দলও ‘তারানা’ পরিবেশন করেন।