২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রামকুত্তার ডিম’ শিকারি

গাজীপুরের কাপাসিয়া থেকে ১৩ কিলোমিটার ভেতরে প্রত্যন্ত এক গ্রামের রাস্তায় আরজুর সঙ্গে দেখা; তার সঙ্গে থাকা অদ্ভুত ঝুড়িতে কিলবিল করছে লাল পিঁপড়া।

ফাহিমা কানিজ লাভা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 09:29 AM

Updated : 11 Oct 2022, 01:17 PM

আরজুর কাঁধে লম্বা বাঁশের বাঁক। তার একপাশে বাঁশের ডালি, তাতে পড়ে আছে অনেক গাছের পাতা। আর অন্যপাশে জাল দিয়ে ঘেরা বাঁশের ঝুড়ি, দেখতে খানিকটা ফানেলের মতো।

মাটির পথ, চারপাশে গাছপালা-ঝোপঝাড়; সর্বশেষ পাকা রাস্তাটিও আড়াই কিলোমিটার দূরে। শান্ত-স্নিগ্ধ এমন পরিবেশে চারপাশ তন্ন তন্ন করে ‘রামকুত্তার ডিম’ খুঁজছেন আরজু।

আসলে খুঁজছেন পিঁপড়ার বাসা। যেমন তেমন হলে চলবে না; চাই ডোল পিঁপড়ার বাসা। সেখানে সাদা রঙের ডিমের দেখা মিলতে পারে। শ্রীপুর বাজারে তা বিক্রি হবে চার থেকে ছয়শ টাকা কেজি দরে।

মূলত আম, কাঁঠাল, মেহগনি, গজারি, শালসহ দেশি গাছগুলোতেই ডোল পিঁপড়ার বাসা দেখা যায়। দেশের একেক অঞ্চলের মানুষ এ পিঁপড়াকে ডাকে একেক নামে। কোনো এলাকায় বলে মান্দাল বা মানদাইল, কোথাও বলে মানজাইল।

লালা ব্যবহার করে গাছের ডালে চার-পাঁচটা পাতা জোড়া দিয়ে মজবুত বাসা বানায় এ পিঁপড়ার দল। সেখানেই ডিম পড়ে । কাপাসিয়ার মানুষের কাছে এর নাম ‘ রামকুত্তার ডিম ’।

একটি বাসা পেলে তাতে মেলে কয়েকশ গ্রাম ডিম। তারই সন্ধানে ঝাঁকা কাঁধে সাত সকালে বেরিয়ে পড়েন আরজু। ঘুরে বেড়ান শালবন এলাকাসহ নানা গ্রামে। দিনের সংগ্রহ নিয়ে সন্ধ্যয় যান শ্রীপুর বাজারে। ‘রামকুত্তার ডিম’ এর অস্থায়ী বাজার বসে সেখানে।

পিঁপড়ার ডিম পয়সা দিয়ে কারা কেনে?

আরজু জানালেন, এই ডিম মাছেদের খুবই পছন্দ। বরশিতে আটা-ময়দা-পাউরুটির মতো ‘আধারের’ সঙ্গে পিঁপড়ার ডিম দেওয়া হলে বড় মাছ সহজে ‘টোপ’ গেলে। এ কারণে মাছ শিকারীদের কাছে পিঁপড়ার ডিমের টোপ খুবই জনপ্রিয়।

পানির নির্দিষ্ট জায়গায় আধার ফেলে মাছ ডেকে আনার জন‌্য এ ডিমের চাহিদা আছে জেলেদের কাছেও। অনেক সময় বাজারে না গিয়ে তারা সরাসরিও ডিম কেনেন।

ডিমশিকারী আরজু জানান, পিঁপড়ার ডিমের সবচেয়ে বড় বাজারটি বসে ময়মনসিংহের ছোট বাজারে। ওই অঞ্চলে এর নাম ‘মাঞ্জাইল’। এর বাইরে দেশের অনেক জায়গার এ ডিমের অস্থায়ী বাজার আছে।

‘রামকুত্তার ডিম’ সংগ্রহ ও সংরক্ষণের কাজটি করতে হয়ে খুবই সতর্কতার সঙ্গে। তা না হলে আরজুর ভাষায় ‘ সবই পণ্ডশ্রম’ হবে।

হালকা লাল রঙের ডোল পিঁপড়ার সারি অনুসরণ করে গাছের ডালে খুঁজে নিতে হয় বাসা। এরপর বাঁশের আগায় জাল বেঁধে সতর্কতার সঙ্গে নাড়া দিতে হয় ওই বাসায়।

কাজটা এমনভাবে করা হয়, যাতে বাসা ভেঙে পিঁপড়া, ডিম সবই জালের মধ‌্যে পড়ে। পিঁপড়াগুলো সরে গেলে ডিমগুলো আরজু সরিয়ে রাখেন কাঁধে রাখা বাঁকের পেছনের ডালিতে।

“রামকুত্তার ডিম আস্ত রাখতে হয়, নইলে মাছ খায় না,” বলেই পরের বাসা খুঁজতে চোখ লাগান ২৫ বছর ধরে অপ্রচলিত এই পেশাকে সঙ্গী করে জীবন চালানো আরজু।

তিনি এ কাজ শিখেছেন বাবার কাছে। পুঁজি লাগে না বলে পিঁপড়ার বাসা খোঁজাকেই করেছেন পেশা। রামকুত্তার ডিম বিক্রি করেই চলে আরজুর চার ছেলেমেয়ের সংসার।