২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেয়রতো কত কিছুই বলেন’

বিশেষজ্ঞদের পরীক্ষা ছাড়া আগুনে পোড়া গুলশানের ডিএনসিসি মার্কেটের একাংশ খোলার জন‌্য মেয়র আনিসুল হক দোকান মালিকদের ওপর দায় চাপালেও তারা বলছেন ভিন্ন কথা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 10:47 PM

Updated : 11 Oct 2022, 01:17 PM

পুরনো খবর:

আত্মসাতের জন‌্য ডিসিসি মার্কেটে আগুন: বিএনপি
ভবন হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অগ্রাধিকার: আনিসুল
আগুন লাগানো হয়েছে, অভিযোগ ব‌্যবসায়ীদের
গুলশানে অগ্নিকাণ্ডের খবর ফায়ার সার্ভিস পায় ‘এক ঘণ্টা পরে’

মেয়রের কথাতেই মার্কেটের একাংশ খোলা হয়েছে বলে দাবি করেছেন সেখানকার দোকান মালিক সমিতির সভাপতি এসএম তালাল রেজবী।

শুক্রবার জুমার নামাজের পর পাকা মার্কেটের সামনে ব্যবসায়ীরা দোয়া মাহফিলের আয়োজন করেন। সেখানেই মার্কেট খুলে দেওয়ার ঘোষণা দেন রেজবী।

তিনি বলেন, “পাকা মার্কেটের ২০ শতাংশ দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে অংশ ভালো আছে, এর মধ্যে সামনের দিকের ৪০ শতাংশ দোকানই আজ খুলে দেওয়া হয়েছে। আজকে জুমার নামাজের পরে মোনাজাতের মাধ্যমে আমরা দোকান খুলে দিছি।”

দোকান খোলার পরে দুপুরে ওই মার্কেট পরিদর্শনে আসেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।

বুয়েটের বিশেষজ্ঞদের পরীক্ষার আগে মার্কেট খুলে দেওয়ায় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়িত্ব ব্যবসায়ীদের নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আনিসুল হক বলেন, “মার্কেটটা দেখতে তো একদম স্ট্রং মনে হয়। তারপরও যেহেতু অনেক গরম হয়েছে, ঝুঁকিপূর্ণ হতেও পারে, আবার নাও হতে পারে।

“তো এইটার জন্য আমরা আগামী কাল-পরশু নিয়ে আসব বুয়েটকে। এরমধ্যে এরা প্রিপারেশন নিয়ে দোকান চালাচ্ছে। তাদের সঙ্গে ডিএনসিসির কোনো বৈরিতা নেই। কিন্তু কোনো অ্যাকসিডেন্ট হলে তার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। যদি কয়েকটা দিন অপেক্ষা করতে পারত তাহলে ভালো হত।”

Image
পাকা মার্কেটের এই অংশে অনেকগুলো দোকান আগুনে পুড়েছে, পশ্চিম পাশের দোকানগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পাকা মার্কেটের এই অংশে অনেকগুলো দোকান আগুনে পুড়েছে, পশ্চিম পাশের দোকানগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে ব‌্যবসায়ী সমিতির সভাপতি তালাল রেজবী বলছেন, মেয়র আনিসুল হকই তাদের দোকান খুলতে বলেছেন।

“মেয়র নিজেই বইলা দিছেন যে, যেদিক দিয়া ঠিক আছে সেদিক দিয়া স্টার্ট কইরা দেন। আমি স্টার্ট কইরা দিছি। মেয়র মহোদয় নিজেই ডেসকোরে বইলা দিসেন লাইন দিয়ে দেওয়ার জন্য। আমাদের লাইনও দিয়ে দিছে।”

দুর্ঘটনা ঘটলে দায়িত্ব ব্যবসায়ীদের- মেয়রের এ বক্তব‌্যের বিষয়ে তিনি বলেন, “মেয়র তো কতকিছুই বলেন। মেয়র নিজেকে সেইভ করার জন্য কত কিছু কইব।

“আবার আমি যখন কথা কমু তখন আমার কথা হুনতে বাধ্য হইব।”

গত সোমবার মধ‌্যরাতে গুলশান-১ নম্বরে সিটি করপোরেশনের এই মার্কেটে আগুন লেগে পূর্ব দিকের কাঁচাবাজারের ভবন ধসে পড়ে। পুড়ে যায় পশ্চিম দিকের অনেকগুলো দোকান।

আগুনে মোট দেড়শ দোকান পুড়ে দেড়শ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব‌্যবসায়ীরা।  

এই ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের চিন্তা করা হচ্ছে বলে জানান মেয়র।

তিনি বলেন, “আমরা চেক করছি যে, কত তাড়াতাড়ি একটা মার্কেট গড়ে তুলতে পারি। একতলা হোক, দোতলা হোক। পেছনেও জায়গা দেখছি। এর পাশাপাশি যত তাড়াতাড়ি ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়া হবে।”