২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অগ্রাধিকার: আনিসুল

আগুনে পোড়া গুলশানের ডিএনসিসি মার্কেটে নতুন ভবন তৈরি করা হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্রাধিকার পাবেন বলে আশ্বস্ত করেছেন মেয়র আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 09:20 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

পুরনো খবর:

আগুন লাগানো হয়েছে, অভিযোগ ব‌্যবসায়ীদের

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএনসিসি ও নির্মাতা প্রতিষ্ঠান মেট্রো গ্রুপের আমিন অ্যাসোসিয়েটসের যোগসাজশের অভিযোগের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল।

তিনি বলেন, “গুলশান ডিএনসিসি মার্কেটে আগুন লাগার পর সিটি করপোরেশনকে নিয়ে বিভিন্ন মহল থেকে নানা কথা বলা হচ্ছে। সেসব ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বলেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

“দোষ দেয়ার জন্য আজকে বসি নাই। কিন্তু ফ্যাক্টস মাস্ট গো টু ইউ সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড।”

মেট্রো গ্রুপের সঙ্গে চুক্তির পরও ডিএনসিসি দোকান মালিকদের স্বার্থ বড় করে দেখেছে বলে দাবি করে মেয়র আনিসুল বলেন, “তাদের পুনর্বাসনের জন্যও মেট্রো গ্রুপের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে।

“আজকে নানারকম কথা শুনছি বাজারে। আমাদের প্রথম কথাই ছিল ব্যবসায়ীদের স্বার্থ নষ্ট করে আপনাকে এখানে ভবন বানাতে দেয়া হবে না।”

ব্যবসায়ীরা জানান,  সাত বিঘা জমির ওপর ডিএনসিসি মার্কেটের পাকা মার্কেট অংশটি আছে ১৯৬২-৬৩ সাল থেকে। ১৯৮২ সালে সিটি করপোরেশন কাঁচা মার্কেটে দোকান বরাদ্দ দেয়।

২০০৩ সালে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকার সময়ে মার্কেটের জায়গায় পিপিপির আওতায় ১৮ তলা গুলশান ট্রেড সেন্টার নির্মাণের দরপত্র দেওয়া হয়। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান কাজ পেয়েও তা করতে অপারগতা জানালে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা মেট্রো গ্রুপের আমিন অ্যাসোসিয়েটস ওভারসিজ কোম্পানির সঙ্গে চুক্তি করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

ওই চুক্তিতে বলা হয়, ভবনের আটতলা পর্যন্ত থাকবে দোকান, নয় থেকে ১৪ তলা পর্যন্ত হবে অফিস। দুই হাজার ২৪টি দোকানের মধ্যে ডিসিসি পাবে ২৭ শতাংশ। আর আমিন অ্যাসোসিয়েটস ৭৩ শতাংশ দোকান পাবে এবং তা বিক্রি করে লাভ তুলে নেবে।

কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ওই চুক্তি স্থগিত করে ভবনে ডিসিসির মালিকানা বাড়াতে বলা হয়। এরপর ডিসিসির মালিকানা বাড়িয়ে ৩৭ শতাংশ করে নতুন চুক্তি হয়। এরপর দোকান মালিক সমিতি মামলা করলে ঠিকাদার কোম্পানি সেখানে আর ভবন তুলতে পারেনি।

ওই মামলারও নিষ্পত্তি হয়ে গেছে বলে এদিন সংবাদ সম্মেলনে জানান মেয়র।

পুরনো এই মার্কেট ভবন ঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকায় আসার কথা জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের এ বিষয়ে বহুবার বলা হলেও তারা তাতে সাড়া দেয়নি।

মেয়র বলেন, উত্তর সিটি করপোরেশনে ১৪১টা ভবন ঝুঁকিপূর্ণ। এরমধ্যে ডিএনসিসির সাতটা মার্কেটও আছে।

“ওই ভবনটা ঝুঁকিপূর্ণ, এটা নিয়ে আমরা একাধিকবার বিলবোর্ড টানিয়েছি। কিন্তু সে বিলবোর্ড ভেঙে ফেলা হয়েছে। আমরা আবার দিয়েছি।”

আগুনে ধসে পড়েছে মার্কেটের কাঁচাবাজার অংশটি, লাগোয়া পশ্চিমের পাকা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডকে নাশকতা দাবি করে ডিসিসি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শের মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটি করপোরেশনের কিছু অসাধু কর্মচারী এবং মেট্রো গ্রুপ এই নাশকতার সঙ্গে জড়িত।”

ডিসিসি পাকা মার্কেটের দোকান মালিক সমিতির সহসভাপতি জয়নাল আবেদিনও একই সন্দেহের কথা বলেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে কি না সে প্রশ্নের জবাবে আনিসুল হক সংবাদ সম্মেলনে বলেন, “তাদের পুনর্বাসন করার জন্য আমরা অনেক আগে থেকেই উদ্যোগ নিয়েছিলাম। তাদের সঙ্গে বসা হয়েছে। কিন্তু কাজ হয়নি। এখানে নতুন ভবন তৈরি করা হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্রাধিকার পাবে।”

পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে বিষয়ে মার্কেটের উভয় অংশের ব্যবসায়ীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন বলে জানান মেয়র।

তিনি বলেন,  “বন্ধুরা আমি বলতে চাই, ঝগড়া দিয়ে কোনো সমস্যার সমাধান করা যাবে না। পরস্পরের সঙ্গে আলোচনা করতে হবে। এখানে কিছু মানুষের ‘অন্যরকম’ স্বার্থ জড়িত। স্পষ্ট করে বলতে চাই, যারা কখনো কখনো ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। এই ডিএনসিসি সেটা করতে দেবে না।”

“যেটা রাইট সেটা দশজনকে সামনে বসিয়ে রাইট হবে। তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না।”

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে আনিসুল হক বলেন, “আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি সম্পূর্ণ বিষয় ভেঙে বলেছি। তিনি বলেছেন যেটা রাইট সেটাই কর। তোমার প্রথম কাজ হলো তাদের সঙ্গে বসা,  তাদের সাহায্য করা। কিন্তু আনলফুল কিছু করা যাবে না।”

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ব্যবসায়ী সমিতির সভাপতি শের আলী কথা বলতে চাইলে তাকে থামিয়ে দেন মেয়র।

“আপনি বাইরে অনেক কথা বলেছেন। এখানে কথা বলবেন না। এটা আমার সংবাদ সম্মেলন। আমিই এখানে কথা বলব,” বলেন তিনি।

সংবাদ সম্মেলন শেষ করে গুলশান-১ নম্বরে পোড়া মার্কেটে যান আনিসুল হক। সেখানে কাঁচা মার্কেট এবং পাকা মার্কেটের লোকজনের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।

মেয়র বলেন, “ডিএনসিসি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছে। গুলশানে নতুন মার্কেট বরাদ্দ দেওয়ার সময় কোনো অনৈতিক লেনদেন হবে না।

“নতুন যে কাজ হবে সেটা খুব ভালোভাবে হবে। বর্তমান সিটি করপোরেশন আগের মতো না। এখানে কোনো ঘুষ হবে না, মাস্তানি হবে না, নেতাগিরি চলবে না।”