২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে অগ্নিকাণ্ডের খবর ফায়ার সার্ভিস পায় ‘এক ঘণ্টা পরে’

গভীর রাতে গুলশানের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের এক ঘণ্টা পরে খবর পেয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 11:02 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

অগ্নিনির্বাপক বাহিনীর মহাপরিচালক আলী আহমেদ খান বলেছেন, খবর পাওয়ার পর তারা বিন্দুমাত্র দেরি না করে তা নেভাতে কাজ শুরু করেছিলেন।

গুলশান ১ নম্বর সেকশনে জনপ্রিয় এই বিপণি বিতানে অগ্নিকাণ্ডের এই ঘটনা পরিকল্পিত বলে সন্দেহ করছেন ব‌্যবসায়ীরা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন। তবে এই অগ্নিকাণ্ড নাশকতা কি না, তার তদন্ত করছে পুলিশ।

এই অগ্নিকাণ্ড নিয়ে ব‌্যাপক আলোচনার মধ‌্যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহাম্মেদ খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সেখানকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত দেড়টার দিকে আগুন লাগে।

“রাত ২টা ২৮ মিনিটে ভাটারা থানা পুলিশ ফায়ার সার্ভিসে ফোন করে আগুন লাগার খবর দেয়। রাত ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে রওনা করে অল্প সময়ে সেখানে পৌঁছায়।”

“ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মার্কেটের তালা ভেতর থেকে লাগানো দেখতে পায়। আগুন নেভানোর জন্য তাদের মার্কেটের তালাও ভাঙতে হয়েছিল।”

গত ২ জানুয়ারি রাতে ওই আগুনে ডিএনসিসি মার্কেটের দেড়শ দোকান পুড়ে অন্তত দেড়শ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব‌্যবসায়ীদের দাবি; এর মধ‌্যে অনেকে পথে বসেছেন।

Image
আগুনে পুড়ছে ভবন, মালামাল সরানোর চেষ্টায় দোকানিরা

আগুনে পুড়ছে ভবন, মালামাল সরানোর চেষ্টায় দোকানিরা

প্রায় ৭ বিঘা জমির ওপর নির্মিত এই বিপণি বিতানে কাঁচা ও পাকা মার্কেট মিলিয়ে দুই অংশে দোকান ছিল ছয়শর মতো। নিচতলায় বড় একটি অংশে আসবাবপত্রের পাশাপাশি খাবার ও গ‌্যাস সিলিন্ডার মেরামতের দোকান রয়েছে।

দোতলায় আমদানি করা খাদ‌্যপণ‌্য, প্রসাধনী, পোশাক, প্লাস্টিক পণ‌্য, গয়না ও ইলেকট্রনিক্স পণ‌্যের দোকান; নিচতলায় পূর্ব অংশে রয়েছে কাঁচাবাজার।

ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচালিত এই বিপণি বিতানে আগুন নেভানোর কোনো ব‌্যবস্থা ছিল না বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহাম্মেদ।

“পুরো মার্কেটে আগুন নেভানোর মতো কোনো ধরনের ব্যবস্থা ছিল না। সেখানে ৪/৫টি অকেজো অগ্নিনির্বাপক ছিল, সেগুলো দিয়ে আগুন নেভানোর কোনো কাজ করা সম্ভব হয়নি। আগুন নেভাতে গেলে সেখানে ফায়ার সার্ভিসের পরিচালক শাকিল নেওয়াজ ও আরও দুই কর্মকর্তা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল।”

ধসে পড়া মার্কেটে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে খাবারের দোকান পরিচালনা করা হত বলে অভিযোগ রয়েছে। সেখানে ফার্নিচারের দোকানও ছিল, তাতে ব্যবহার হওয়া বিভিন্ন স্পিরিট আগুন ছড়িয়ে যেতে ভূমিকা রেখেছে বলে মনে করছে ফায়ার সার্ভিস।

Image
এই আগুনে সর্বস্ব হারিয়েছেন অনেক ব‌্যবসায়ী

এই আগুনে সর্বস্ব হারিয়েছেন অনেক ব‌্যবসায়ী

 

তিন তলা ওই বিপণি বিতানের আগুন পুরোপুরি নেভাতে ২৪ ঘণ্টারও বেশি সময় লাগে অগ্নি নির্বাপক বাহিনীর, যা নিয়েও সমালোচনা রয়েছে।

আগুন নেভাতে দেরির অভিযোগ নাকচ করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, সেখানে প্রতিটি দোকানে তালা ভেঙে তাদের ঢুকতে হয়েছিল। পাশাপাশি পানির কোনো উৎসও আশপাশে ছিল না।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার পর তার চারটি পর্যায় থাকে।

“প্রথমত তা থাকে প্রাথমিক পর্যায়ে, এক্ষেত্রে আগুন যেখানে লাগে সেখানকার লোকেরা আগুন নেভানোর কাজ করে। তারা না পারলে দ্বিতীয় পর্যায়ে আগুন বেড়ে যায়। তারপর নিয়ন্ত্রণ করা না গেলে তা ফুললি ডেভেলপড স্টেজে পৌঁছে যায়। যেখানে আগুন নেভানোর প্রায় দুঃসাধ্য। চতুর্থ পর্যায়ে থাকে নিয়ন্ত্রণ।”

গুলশান মার্কেটে আগুন নেভাতে যখন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়, তখন তা ‘ফুললি ডেভেলপড’ পর্যায়ে চলে গিয়েছিল বলে জানান এনায়েত।

নেভানোর চেষ্টা ছিল প্রহরীদের

রাতে আগুন লাগার পর পাহারাদাররা শুরুতে নেভাতে চেষ্টা চালিয়েছিলেন বলে বিপণি বিতান সংশ্লিষ্টরা জানান।

রাত ২টা থেকে সোয়া ২টার মধ‌্যে আগুন দেখার কথা জানান পান মার্কেটের নিরাপত্তা রক্ষী রবিউল ইসলাম। ওই দিন তিনি কাঁচা মার্কেটের দ্বিতীয় তলায় দায়িত্ব পালন করছিলেন।

Image
রাতে গিয়ে আগুন নেভাতে তৎপর ফায়ার সার্ভিস

রাতে গিয়ে আগুন নেভাতে তৎপর ফায়ার সার্ভিস

রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিচ তলা থেকে আগুন আগুন চিৎকার শুনে দুটি সিলিন্ডার (এক্সটিংগুইশার) হাতে নিচে নামি। সেখানে আরেক নিরাপত্তারক্ষী মতিউর রহমানের হাতেও দুটি আগুন নেভানোর সিলিন্ডার ছিল।

মোট আটটি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ১৫/২০ মিনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে রবিউল আরেক নিরাপত্তারক্ষী আবদুল আলীকে ফায়ার সার্ভিসে খবর দিতে বলেন।

বিপণি বিতানের সিকিউরিটি ইনচার্জ আবদুল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ২টা ২৪ মিনিটে ফোনে জানতে পারি মার্কেট আগুন লেগেছে। এরপর ফায়ার সার্ভিসে ফোন করে আগুন লাগার খবর দিই।”

বাসা থেকে রাত ৩টার দিকে মার্কেটের ক্যাশিয়ার জামাল প্রধান ও আবদুল আলী মার্কেটে পৌঁছান, ততক্ষণে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে।

ব্যবসায়ীদের সন্দেহ, মেয়রের উল্টো অভিযোগ

তিন তলা এই বিপণি বিতান ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থেকে এই আগুন লাগানো হয়েছে বলে সন্দেহ অনেক ব‌্যবসায়ীর।

১২৯ নম্বর দোকানের মালিক মো. বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মার্কেট বিক্রি হয়েছে কয়েক বার। ভাঙতে না পেরে সিস্টেমে ফেলে দিয়েছে। রাতের অন্ধকারে কেউ আগুন দিয়েছে।”

ডিসিসি কাঁচাবাজার ব‌্যবসায়ী সমিতির সহসভাপতি ১৯ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন সিদ্দিকী জানান, সাত বিঘা জমির ওপর এই মার্কেটের পাকা মার্কেট অংশটি আছে ১৯৬২-৬৩ সাল থেকে। ১৯৮২ সালে সিটি করপোরেশন কাঁচা মার্কেটে দোকান বরাদ্দ দেয়।

Image
প্রায় ৭ বিঘা জমির উপর গড়ে ওঠা ডিএনসিসি মার্কেট

প্রায় ৭ বিঘা জমির উপর গড়ে ওঠা ডিএনসিসি মার্কেট

২০০৩ সালে মেয়র সাদেক হোসেন খোকার সময়ে মার্কেটের জায়গায় পিপিপির আওতায় বহুতল গুলশান ট্রেড সেন্টার নির্মাণের দরপত্র দেওয়া হয়। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান কাজ পেয়েও তা করতে অপারগতা জানালে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা মেট্রো গ্রুপের আমিন অ্যাসোসিয়েটস ওভারসিজ কোম্পানির সঙ্গে চুক্তি করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

ওই চুক্তিতে বলা হয়, ভবনের আটতলা পর্যন্ত থাকবে দোকান, নয় থেকে ১৪ তলা পর্যন্ত হবে অফিস। দুই হাজার ২৪টি দোকানের মধ্যে ডিসিসি পাবে ২৭ শতাংশ। আর আমিন অ্যাসোসিয়েটস ৭৩ শতাংশ দোকান পাবে এবং তা বিক্রি করে লাভ তুলে নেবে।

কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ওই চুক্তি স্থগিত করে ভবনে ডিসিসির মালিকানা বাড়াতে বলা হয়। এরপর ডিসিসির মালিকানা বাড়িয়ে ৩৭ শতাংশ করে নতুন চুক্তি হয়।

কিন্তু দোকান মালিক সমিতি এরপর মামলা করলে ঠিকাদার কোম্পানি সেখানে আর ভবন তুলতে পারেনি বলে জানান ডিসিসি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শের মোহাম্মদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটি করপোরেশনের কিছু অসাধু কর্মচারী এবং মেট্রো গ্রুপ এই নাশকতার সঙ্গে জড়িত।”

ডিসিসি পাকা মার্কেটের দোকান মালিক সমিতির সহসভাপতি জয়নাল আবেদিনও একই সন্দেহের কথা বলেছেন।

মেয়র আনিসুল হক অগ্নিকাণ্ডের পর সকালে ঘটনাস্থলে পৌঁছেই বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লেগেছে বলে তিনি ধারণা করছেন।

Image
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে আনিসুল হক

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে আনিসুল হক

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তিনি বলেন, এই অগ্নিকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে।

“এখানে কিছু মানুষের ‘অন্যরকম’ স্বার্থ জড়িত। স্পষ্ট করে বলতে চাই, যারা কখনো কখনো ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। এই ডিএনসিসি সেটা করতে দেবে না।”

সমন্বিত তদন্ত কমিটি করার উদ্যোগ

আগুন লাগার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ঘটনার পরপরই বাহিনীর সদর দপ্তরের পরিচালক মোশাররফ হোসেনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

কমিটিতে ঢাকা মহানগর উত্তরের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (টিইসি) মোল্লাহ মোহাম্মদ নুরুজ্জামানসহ ফায়ার সার্ভিসের আরও তিন কর্মকর্তা রয়েছেন।

Image
আগুনের পর বের করে আনা মালামাল সড়কে

আগুনের পর বের করে আনা মালামাল সড়কে

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহাম্মেদ বলেন, “আগুন লাগার ঘটনা আরও সুষ্ঠুভাবে তদন্ত করতে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, পুলিশ সদস্যের সমন্বয়ে একটি সমন্বিত কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। মহানগর পুলিশকে এরই মাঝে একটি চিঠিও দেয়া হয়েছে।”

ঢাকা মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার দিদার আহম্মদকে প্রধান করে ইতোমধ‌্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

কমিটির অন্য সদস্যরা হলেন- ডিএমপির গুলশান জোনের উপ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান, উপ কমিশনার জামিল হাসান, পুলিশের স্পেশাল এ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন, মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কাজী শফিকুল আলম।     

অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরিও করা হয়।

পুরনো খবর:

আগুন লাগানো হয়েছে, অভিযোগ ব‌্যবসায়ীদের
দুর্ঘটনা নাকি নাশকতা, তদন্ত করতে হবে: মানবাধিকার কমিশন
ভবন হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অগ্রাধিকার: আনিসুল
নেভেনি ডিসিসি মার্কেটের আগুন, ধসে পড়েছে একাংশ