২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নদী সম্পর্কিত সিদ্ধান্ত রাজনীতিবিদ নয়, বিশেষজ্ঞদের নিতে হবে’

নদী সম্পর্কিত সিদ্ধান্ত রাজনীতিবিদ নয় বরং বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান রাজনীতিবিদ নেওয়াজ খালিছ আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 07:45 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

শুক্রবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে নদী বিষয়ক সংগঠন রিভারাইন পিপল আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

খালিছ আহমেদ ভারতের সঙ্গে বাংলাদেশের নদী বিষয়ক ফলপ্রসূ চুক্তি না হওয়ার পেছনে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের এ বিষয়ে খুঁটিনাটি ও বিশদ জ্ঞানের অভাবকে দায়ী করেন।

“ভারতের সাথে সমঝোতা করতে বাংলাদেশ থেকে যারা প্রতিনিধি হিসেবে যান, তারা হয়তো ভূতত্ত্ব বা নদী সম্পর্কে তেমন কিছুই জানেন না; অথচ পাঠানো উচিৎ ছিল বিজ্ঞানীদের, এ বিষয়ের গবেষকদের।”

কানাডার বর্তমান প্রধান বিরোধীদল নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সমন্বয়ক এই রাজনীতিবিদ আরও বলেন, ভারত পাকিস্তানের শত্রুতা থাকা সত্ত্বেও তাদের মধ্যকার নদীর পানি সমঝোতা, বাংলাদেশ-ভারতের চেয়ে ভাল।

“ওদের (ভারত) বলতে হবে, আমরা আর কিছু চাই না- শুধু পাকিস্তানের সাথে আপনাদের ‘সিন্ধুনদ সমঝোতায়’ যে সব সুবিধা আছে তা আমাদের দিন।

“আপনারা ভারতকে শক্তিশালী রাষ্ট্র ভেবে হীনমন্যতায় ভুগছেন, কিন্তু তা নয়। আপনি যদি সৎ থাকেন, আপনার নিয়ত যদি সৎ হয় আপনাকে তারা পাওনা দিতে বাধ্য।”

২০১৫ সালে কানাডার জাতীয় নির্বাচনে আলবার্টা প্রদেশের ক্যালগেরি সিগন্যাল হিল নির্বাচনী এলাকা থেকে তৎকালীন ক্ষমতাসীন দল এনডিপি থেকে মনোনয়নপ্রাপ্ত প্রথম বাংলাদেশি খালিছ আহমেদ।

নীতিগতভাবে বাংলাদেশের পক্ষে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, “আমি নীতিগত ভাবে এই দেশের জনগণের জন্য, বাঙালির জন্য কাজ করবো। আমাদের ন্যায্য অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।”

ভবিষ্যতে কানাডা থেকে বাংলাদেশকে সাধ্যমত সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে খালিস বলেন, “আমি কানাডায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আছি। পরিবেশ রক্ষা নিয়ে, নদী রক্ষা নিয়ে আমি এদেশে কাজ করতে চাই।”

মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে জন্ম নেওয়া খালিছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এরপর পিএইচডি করতে নরওয়ে যান, সেখান থেকে আরেক দফা এমএ ডিগ্রি নিয়ে চলে যান কানাডার ক্যালগেরিতে।

ভূতত্ত্ববিদ হিসেবে বিশেষ অবদান রাখার জন্য কানাডায় ব্যাপক জনপ্রিয়তা লাভের পাশাপাশি সেখানে রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি।