নতুন সুইস প্রেসিডেন্টকে হাসিনার অভিনন্দন
সুইজারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট ডোরিস লইথর্ডকে অভিনন্দন জানিয়ে তার আমলে ঢাকা-জেনেভা সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৭ সালের জন্য সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লইথর্ড। দেশটির সাত সদস্যের ফেডারেল কাউন্সিল থেকে পর্যায়ক্রমে এক বছরের জন্য একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন। বুধবার লইথর্ডকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, “সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট নিয়োগে অত্যন্ত আনন্দের সঙ্গে আপনার প্রতি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।”
তার আমলে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বোঝাপড়া ও সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
