২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যার পর নিজেকে বাস্তুহারা লেখক ভাবতেন শওকত ওসমান: মুহিত

কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মশতবার্ষিকীর এক আয়োজনে এসে তার ‘অসাম্প্রদায়িক ভাবধারায় বিশ্বাসী আপোষহীন ব্যক্তিত্বের’ কথা আলোকপাত করেছেন এই লেখকের গুণমুগ্ধরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 11:16 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

বুধবার বিকাল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে লেখকের জন্মশতবর্ষ উপলক্ষে এই প্রবন্ধপাঠ ও আলোচনা সভার আয়োজন করে বাংলা একাডেমি এবং শওকত ওসমান জন্মশতবর্ষ উদযাপন নাগরিক কমিটি।

অনুষ্ঠানের অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর লেখক শওকত ওসমানের দেশত্যাগ করার প্রসঙ্গ টেনে তাকে ‘বিদ্রোহী’ ও ‘বিপ্লবী’ বলে অভিহিত করেন।

মুহিত বলেন, “পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর বিদ্রোহী, বিপ্লবী শওকত ওসমান দেশত্যাগ করেন। পিতৃহত্যার দেশে তিনি থাকতে চাননি। তিনি নিজেকে তখন বাস্তুহারা লেখক মনে করতেন।”

শওকত ওসমানকে ‘ভালো সাহিত্যিক’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “স্যাটায়ার সৃষ্টিতে তার ছিল অনবদ্য অবদান।  শুধুমাত্র তার ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটি পড়লে তার সম্পর্কে বিশদ জানা যাবে। সেকালে এটি ছিল সবচেয়ে জনপ্রিয় বই।”

আদমজী সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এই উপন্যাসটি নিয়ে অর্থমন্ত্রী বলেন, “উপন্যাসটিতে প্রচ্ছন্নভাবে আইয়ুব সরকারবিরোধী বক্তব্য ছিল। সরকারের লোকজন না বুঝেই তাকে এ পুরস্কারটি দিয়েছিল।”

এর আগে অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

এই আয়োজনে ‘শওকত ওসমান: জীবন ও বিশ্ব-পাঠশালার ছাত্র’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক শান্তনু কায়সার।

আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালায়ের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

অনুষ্ঠানের অন্যতম অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “অসাম্প্রদায়িক ভাবধারায় বিশ্বাসী শওকত ওসমান চিরকাল আপোষহীন ছিলেন। অন্যায়-অবিচারের কাছে তিনি কখনও আত্মসমর্পন করেননি।”

বাংলাদেশের নাট্যচর্চার শুরুতে শওকত ওসমানের ‘বিশেষ’ অবদানের কথাও অনুষ্ঠানে শোনান এক সময়ের মঞ্চাভিনেতা নূর।

“স্যার (শওকত ওসমান) তখন প্রায় আসতেন আলী যাকেরের বাসায়, সেখানে আমাদের রিহার্সেল হত। বেইলি রোডে এসে নাটক দেখতেন। কখনও বলতেন না, নাটক খারাপ লেগেছে। আমরা যেন নিরুৎসাহিত বা হতোদ্যম না হই, সেজন্য তিনি আমাদের যথেষ্ট উৎসাহ দিয়েছেন।”

শওকত ওসমানের সাহিত্য নিয়ে আলোচনায় তিনি বলেন, “তার মনের মধ্যে বাংলাদেশের অস্তিত্ব ছাড়া আর কিছু ছিল না।  আন্তর্জাতিক চিন্তাধারায় বিশ্বাসী এই সাহিত্যিক ছিলেন মার্কসবাদী ধারায় বিশ্বাসী।  তিনি সারা জীবন মানুষের মুক্তি নিয়ে ভেবেছেন।”

সভাপতির ভাষণে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “শওকত ওসমান বাংলার গ্রামীণ জীবনকে নিপুণ শিল্পীর দক্ষতায় তার সমগ্র সাহিত্যকর্মে উপস্থাপন করেছেন।

“গভীর জীবনবোধ, ইতিহাসচেতনা ও বাস্তবতার সম্পর্কে তীক্ষ্ণ পর্যবেক্ষণ তার কথাসাহিত্যকে বিশিষ্টতা দান করেছে। তার ব্যঙ্গবিদ্রুপাত্মক রচনায় কৌতুকবোধ ও রসিকতার আড়ালে অন্যায়কারী ও শোষকের বিরুদ্ধে তীব্র ঘৃণার বাণী উচ্চারিত হয়েছে।”

শওকত ওসমানের ‘জননী’ ও ‘ক্রীতদাসের হাসি’র মতো সাহিত্যকর্ম চিরকাল সাধারণ মানুষের ‘অনন্য আখ্যান’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন বাংলা একাডেমির সভাপতি।

আলোচনা পর্বে মুহাম্মদ সামাদ পাঠ করেন ‘ধর্ম’ কবিতা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শওকত ওসমানের গল্প অবলম্বনে সৈয়দ শামসুল হক নির্মিত চলচ্চিত্র ‘আব্বাস’ প্রদর্শিত হয়।