জিপিওর টাকা আত্মসাতে কর্মচারীর যাবজ্জীবন
ভুয়া বিল ভাউচার তৈরি করে ডাক বিভাগের টাকা আত্মসাতের দায়ে এক কর্মচারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত মানসুরুছ সামাদ চৌধুরী ডাক বিভাগ ঢাকা নগরী উত্তর বিভাগের সাবেক অপারেটর (বাজেট শাখা)। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে বুধবার ঘোষিত রায়ে কারাদণ্ডের পাশাপাশি মানসুরুছ সামাদকে পাঁচ কোটি টাকা জরিমানারও আদেশ দেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর সাত আসামিকে খালাসের আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খালাসপ্রাপ্তদের অন্যতম আইনজীবী চৌধুরী মো. গালিব রাগীব।
তিনি জানান, রায় ঘোষনার সময় খালাসপ্রাপ্তরা আদালতে হাজির থাকলেও জামিন নিয়ে পলাতক ছিলেন দণ্ডপ্রাপ্ত মানসুরুছ।
খালাস পাওয়া সাতজন হলেন- সাবেক অপারেটর এ কে এম মাহমুবুবর রহমান, সহকারী তাজুল ইসলাম, মোতালেব হোসেন, মোতালেব হোসেন মোল্লা, বিল্লাহ হোসেন, ইউসুফ আলী ও এএএম শহীদ হাসান।
মামলার এজাহারে বলা হয়, ২০০০ সালের জুলাই থেকে ২০০২ সালের ডিসেম্বর পর্যন্ত আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া বিল ভাউচার তৈরি করে ঢাকা জিপিও হতে পাঁচ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৩১০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে।
এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিভাগের পোস্ট অফিস পরিদর্শক-২ আব্দুর রশীদ বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ২০১১ সালের ১৩ অক্টোবর দুদকের উপ-সহকারী পরিচালক ফজলুল বারী আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের ২০ জনের সাক্ষ্য নেওয়ার পর এ মামলার রায় ঘোষণা করা হয় বলে আসামিপক্ষের প্রধান আইনজীবী আমিনুল গণী টিটো জানান।
