২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদ ভোটের গেজেট প্রকাশ শুরু

চাঁদপুর জেলার গেজেট প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 08:17 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

জেলা পরিষদের চেয়ারম‌্যান, সাধারণ ও সংরক্ষিত সদস‌্য পদে নির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন।

বুধবার চাঁদপুর জেলার নির্বাচিতদের গেজেটের কপি স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছেন ইসির জ‌্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান।

তিন পার্বত‌্য জেলা বাদে ৬১ জেলায় গত ২৮ ডিসেম্বর প্রথমবারের মত ভোট হয় জেলা পরিষদে। প্রতি জেলায় একজন চেয়ারম‌্যান, ১৫ জন সাধারণ সদস‌্য ও পাঁচজন সংরক্ষিত সদস‌্য নির্বাচিত করেন ভোটাররা।

নির্দলীয় নির্বাচন হলেও আওয়ামী লীগ ও সমমনা দলের প্রার্থীরা এতে অংশ নেয়; বিএনপি ও জাতীয় পার্টি ভোট বর্জন করে।

বড় দুই দলের বর্জনে চেয়ারম‌্যান পদে ক্ষমতাসীন দল মনোনীত ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ভোটের আগেই। ভোটের দিন আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহীরা জেতেন ৩৮ জেলায়। দুটি জেলায় চেয়ারম‌্যান ভোট আদালতের আদেশে স্থগিত হয়।

ইসির জ‌্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান বলেন, “ভোটের এক সপ্তাহের মাথায় চাঁদপুর জেলায় নির্বাচিতদের গেজেট দিয়ে এ নির্বাচনের গেজেট প্রকাশ শুরু হল। পর্যায়ক্রমে বাকি জেলাগুলোর গেজেট হবে। স্থানীয় সরকার বিভাগ নির্বাচিতদের শপথ আয়োজনের ব‌্যবস্থা নেবে।”

স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা জানান, নির্বাচিতদের শপথ পড়াবেন প্রধানমন্ত্রী। ইসির গেজেট পাওয়ার পর প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়া হবে।

পুরনো খবর:

এক-তৃতীয়াংশ জেলা পরিষদে বিদ্রোহীরা জয়ী