যশোর কালেক্টর চত্বরের অবৈধ দোকান অপসারণে ৭ দিন
যশোর কালেক্টরেট চত্বরে কর্মচারী কল্যাণ সমিতির নামে নির্মাণ করা অবৈধ দোকান সাতদিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এক রিটের শুনানি নিয়ে বুধবার বিচারপতি কাজী রেজ-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী উজ্জ্বল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
গত বছরের ২৫ ডিসেম্বর ‘যশোর কালেক্টরেট চত্বরে বন্ধ হয়নি দোকান নির্মাণ’ শীর্ষক প্রতিবেদন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। সেটি যুক্ত করে যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য মাহবুব আলম জনস্বার্থে রিটটি করেন।
আইনজীবী উজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, হাই কোর্ট অননুমোদিত স্থাপনা সাতদিনের মধ্যে সরাতে নির্দেশ দেওয়ার পাশাপাশি বিষয়টি তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছেন।
“পাশাপাশি রুল জারি করে জানতে চাওয়া হয়েছে, অননুমোদিত স্থাপনা নির্মাণ বন্ধে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ হবে না।”
রিটে বিবাদী করা হয়েছে, জনপ্রশাসন সচিব, ভূমি সচিব, যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে।
