ট্রাইব্যুনাল স্থানান্তরে যতবার নির্দেশনা, ততবার পুনর্বিবেচনার অনুরোধ: আইনমন্ত্রী
পুরাতন হাই কোর্ট ভবন থেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে যতবার সুপ্রিম কোর্ট নির্দেশনা দেবে, ততবার তা পুনর্বিবেচনার জন্য সরকার তরফ থেকে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার বিচারপতি প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
গত ১৮ অগাস্ট আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে পুরনো হাই কোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে বলে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের ওই চিঠিতে বলা হয়, স্থানাভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রয়োজনীয় চেম্বার ও এজলাসের ব্যবস্থা করা যাচ্ছে না। তাছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও প্রয়োজনীয় অফিসের ব্যবস্থা করা যাচ্ছে না।
বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর সঙ্গে ‘মৌখিক আলোচনার’ কথা জানিয়ে ৩১ অক্টোবরের মধ্যে ভবনটি হস্তান্তরের ব্যবস্থা নিতে বলা হয় সুপ্রিম কোর্টের চিঠিতে।
ওই সময় শেষ হওয়ার আগের দিন আইন মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে ভবনটির ‘ঐতিহাসিক গুরুত্বের’ পাশাপাশি যুদ্ধাপরাধের বিচার ও ‘জানগণের মনোভাব’ তুলে ধরে সুপ্রিম কোর্টকে বিষয়টি পুনর্বিবেচনা করতে বলা হয়।
আনিসুল হক (ফাইল ছবি)
এরপর সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে ফের তাগাদা দিয়ে চিঠি দেওয়া হলে জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফের পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়।
বুধবার এক সাংবাদিক মন্ত্রীর কাছে সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, “আমিতো শেষ অবস্থানটা বলতে পারব না। এখান থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার যে আদেশ আমাকে সুপ্রিম কোর্ট দিয়েছে, আমি যতবার সেই আদেশ পাই, ততবারই আমি এটা পুনর্বিবেচনা করার জন্য চিঠি পাঠাব।”
২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের পর থেকে সুপ্রিম কোর্টের মাজারগেট সংলগ্ন পুরনো হাইকোর্ট ভবনেই এর কার্যক্রম চলছে। সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল সরিয়ে নিতে চিঠি দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যদি সরেও যায়, তাতে বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না।
“সেক্ষেত্রে ট্রাইব্যুনালের যারা নন-ফাংশনিং, তাদের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া। ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন টিমকে আরও গতিশীল করতে যা দরকার, সেটা আমরা করব।”
উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, “হাই কোর্ট, সুপ্রিম কোর্টের ব্যাপারে কথা বলতে একটু সাবধানে বলতে হয়, ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয়, হাই কোর্ট এবং আপিল বিভাগের বিচারপতি সঙ্কট দেখা দিলে আমরা বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাব।
“এটা একটা চলমান প্রক্রিয়া। এটা কেবল সঙ্কট থাকলেই যে হবে, সেটা নয়, যখনই প্রয়োজন, তখনই এই বিচারপতি নিয়োগ দেব।”
মন্ত্রী বলেন, “সেখানে দুটো জিনিস আমরা করতে চাই, নিয়োগটা যেন বিতর্কের উর্ধ্বে থাকে এবং যোগ্য লোককে নিয়োগ করার চেষ্টা চালিয়ে যাব। পাশাপাশি আমরা যেটা করছি, একটা দাবিও উঠেছিল, বিচারপতি নিয়োগে আইন এই বছরের মধ্যেই করব।”
