বাঙ্গালী দুষ্কৃতিকারী: গাইবান্ধার এসপির ব্যাখ্যা শুনতে নতুন তারিখ
গোবিন্দগঞ্জে চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদের সময় গুলির ঘটনার প্রতিবেদনে সাঁওতালদের ‘বাঙ্গালী দুষ্কৃতিকারী’ বলার বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপারের ব্যাখ্যা শুনতে নতুন তারিখ রেখেছে আদালত।
পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামকে আগামী ৮ জানুয়ারি হাই কোর্টে হাজির হয়ে ওই শব্দ চয়নের ব্যাখ্যা দিতে হবে।
এর আগে গত ২ জানুয়ারি তিনি হাই কোর্টের তলবে হাজির হয়েছিলেন। কিন্তু একজন বিচারকের মৃত্যুতে সেদিন প্রধান বিচারপতি এক দিনের ছুটি ঘোষণা করায় পুলিশ সুপার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে হাজিরা দিলেও শুনানি হয়নি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বুধবার পুলিশ সুপারের হাজিরার বিষয়টি আদালতকে জানালে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ নতুন তারিখ ঠিক করে দেয়।
সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে রংপুর চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তুলেছিল। সেই জমি ইজারা দিয়ে ধান ও তামাক চাষ করে অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তার দখল ফিরে পেতে আন্দোলনে নামে সাঁওতালরা।
এরপর সাহেবগঞ্জ বাগদা ফার্মে বিরোধপূর্ণ চিনিকলের জন্য অধিগ্রহণ করা ওই জমিতে কয়েকশ ঘর তুলে সাঁওতালরা বসবাস শুরু করেন। গত ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় সাঁওতালদের বাড়িঘরে লুটপাট হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় নিহত হন তিন সাঁওতাল, আহত হন অনেকে।
গোবিন্দগঞ্জের সাঁওতালদের জানমাল রক্ষা, নিরাপত্তা, ক্ষতিপূরণ, স্বাধীনভাবে চলা-ফেরার সুযোগ দিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), ব্রতী সমাজ কল্যাণ সংস্থা গত ১৬ নভেম্বর হাই কোর্টে একটি রিট আবেদন করে।
পাশাপাশি উচ্ছেদ হওয়া সাঁওতালদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বাইরে চলাচলের ক্ষেত্রে তাদের নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয় আদালত। তাদের নিরাপত্তার জন্য কী কী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং উচ্ছেদের সময় ভাংচুর-লুটপাটের ঘটনায় কয়টি মামলা হয়েছে সে বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার ও গোবিন্দগঞ্জ থানার ওসিকে ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
সে অনুযায়ী জেলা প্রশাসক ও পুলিশ কর্তৃপক্ষ আদালতে প্রতিবেদন দাখিল করে, যেখানে তদন্ত কমিটি গঠনের বিষয়ে জেলা প্রশাসকের একটি আদেশের অনুলিপিতে সাঁওতালদের ‘বাঙালি দুস্কৃতিকারী’ বলা হয়।
ওই শব্দ চয়নের ব্যাখ্যা দিতে গত ৬ ডিসেম্বর গাইবান্ধার ডিসিকে তলব করে হাই কোর্ট। আদালতের আদেশে বলা হয়, ‘বাঙ্গালী দুষ্কৃতিকারী’ একটি উন্নাসিক শব্দ। এ ধরনের শব্দ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা ব্যবহার করত। জেলা প্রশাসক ‘আইন অমান্যকারী’ বা অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতেন। তা না করে কেন তিনি ‘বাঙ্গালী দুস্কৃতিকারী’ লিখেছেন, তার ব্যাখ্যা জানা প্রয়োজন।
এরপর ১২ ডিসেম্বর আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান গাইবান্ধার জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি সেদিন আদালতকে বলেন, গাইবান্ধা পুলিশের বিশেষ শাখার সুপার যে প্রতিবেদন দিয়েছিলেন, তাতে ‘বাঙ্গালী দুষ্কৃতিকারী’ শব্দটি ছিল, যা তদন্ত কমিটি গঠনের চিঠিতেও ‘অসাবধানতাবশত’ চলে আসে।
পরে ওই একই শব্দের জন্য গাইবান্ধার পুলিশের বিশেষ শাখার সুপারকে তলব করে আদালত।
