২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ যেন দানা না বাঁধে: প্রধানমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদের অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 01:33 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

বুধবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ড.ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেইনিং ইন্সটিটিউট ভবন এবং এক হাজার আসনের শেখ হাসিনা ছাত্রী হলের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ‍ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে ছাত্রছাত্রীদের মুক্ত রাখতে হবে। এটা যেন দানা বাঁধতে না পারে।”

সত্যিকার শিক্ষা যদি কেউ পায়, সে বিপথে যেতে পারে না মন্তব‌্য করে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্মচারীসহ সবাইকে সজাগ থাকার তাগিদ দেন শেখ হাসিনা।

চলতি শতকের শুরুর দিকে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনেকটা নিয়ন্ত্রণে এসে বলে মনে করা হলেও তিন বছর আগে দেশে নতুন করে উগ্রপন্থি হামলা-হুমকি শুরু হয়। 

একের পর এক ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, ভিন্ন মতাবলম্বী হত‌্যার শিকার হওয়ার মধ‌্যেই গতবছর ১ জুলাই ঢাকার গুলশানে নজিরবিহীন জঙ্গি হামলার ঘটনা ঘটে, যা আন্তর্জাতিক অঙ্গণেও আলোচিত হয়।

এরপর আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানের মধ্যে জঙ্গিবাদের বিস্তারের নতুন তথ‌্য বেরিয়ে আসে, যা শঙ্কার জন্ম দেয়। দেখা যায়, কওমি মাদ্রাসার ছাত্রদের পাশাপাশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ‌্যালয়ে পড়ুয়া স্বচ্ছল পরিবারের তরুণরাও জঙ্গিবাদে জড়িয়ে বিভিন্ন হামলায় অংশ নিচ্ছে।

এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে সরকারের তরফ থেকে নানা ধরনের উদ‌্যোগ নেওয়া হয়।

ইসলামকে ‘শান্তির ধর্ম’ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, “ইসলাম ধর্মে জঙ্গিবাদের স্থান নাই। এই ধর্ম মানুষকে খুন করতে বলে নাই।”

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন‌্য একটি হল এবং ড.ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট ভবন নির্মাণের জন‌্য সাড়ে ৯৭ কোটি টাকার প্রকল্প ২০১৪ সালের জানুয়ারিতে একনেকের অনুমোদন পায়। স্থাপনা দুটির নির্মাণ কাজ ২০১৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

এর মধ‌্যে ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেইনিং ইন্সটিটিউট ভবন নির্মাণে ব‌্যয় হবে ২৬ কোটি ৮৭ লাখ টাকা; আর শেখ হাসিনা ছাত্রী হল নির্মাণে ৫১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ‌্যোগের কথা মনে করিয়ে দেন এবং গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিতে বলেন।

“আমরা শিক্ষাকে গুরুত্ব দেই। আমি যদি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে আমার শিক্ষিত জনগোষ্ঠি দরকার।”

শেখ হাসিনা তার বক্তব্যের শেষ দিকে তার নামে কিছু না করতে সবার প্রতি অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী বলেন, “আসলে আমার নামে কোনো কিছু করতে চাই না। আমি শুধু চাই, বাংলাদেশের মানুষ ভালো থাকুক।... কি পেলাম আর কি পেলাম না, সেটা আমাদের পরিবারের লক্ষ্য না।”

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব‌্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মানসম্পন্ন শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুরুন্নবী।