আবদুল মোবারকসহ সাত কর্মকর্তার ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দিতে সুপারিশ
নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারকসহ সাত কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষভাবে’ সচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে রায় বাস্তবায়ন করতে সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, কমিটি সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক হয়।
বৈঠকে নির্বাচন কমিশনার আবদুল মোবারকসহ অন্য ৬ জন কর্মকর্তার বিষয়ে আদালতের রায় বাস্তবায়ন করতে এবং যথাশিগগির বিষয়টি নিস্পত্তি করতে কমিটি সুপারিশ করে।
কমিটি সরকারের প্রত্যেকটি সার্ভিসে নিযুক্ত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে সুসাসঞ্জস্য বজায় রাখতে সুপারিশ করে।
২০০৫ সালে যুগ্ম সচিব থাকাকালে মোহাম্মদ আবদুল মোবারক (পরিচিতি নম্বর ২৪২৩), মো. আবদুল মালেক মিয়া (৩০৫০), খন্দকার মো. আব্দুল্লাহ (২৮৩২), মো. তোফাজ্জল হোসেন (১৩২০), মো. আক্কাস আলী মৃধা (২৮৪১) ও এম আবিদুর রহমান (১২৬২) এবং অতিরিক্ত সচিব হাসান মাহমুদ দেলওয়ার (১৩৪৭) অবসরে যান।
পদোন্নতি পেতে এ সাত কর্মকর্তা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন ২০০৯ সালে। তারা পদোন্নতি বঞ্চিত হওয়ায় ‘ভূতাপেক্ষভাবে’ ২০০৩ সাল থেকে সচিব পদে পদোন্নতিসহ সার্বিক সুযোগ-সুবিধা দাবি করেন।
ট্রাইব্যুনাল ২০১৪ সালে এই সাত কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ সচিব পদে পদোন্নতি দেওয়ার পক্ষে রায় দেয়।
অবসরে যাওয়া এই সাত কর্মকর্তার মধ্যে ২০১১ সালে নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান আবদুল মোবারক।
রায়ের পর ভূতাপেক্ষভাবে নিয়োগদানে সংসদীয় কমিটির উদ্যোগের বিষয়ে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সাত কর্মকর্তার মধ্যে সম্প্রতি হাসান মাহমুদ দেলওয়ার ‘বঞ্চিত’ থেকেই মারা গেছেন।
মঙ্গলবারের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কমিটি সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এবিএম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মো. আব্দুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক বৈঠকে অংশ নেন।
বৈঠকে জানানো হয়, অতিরিক্ত সচিব পদে ১৪৫ জন, যুগ্ম-সচিব পদে ১৮৬ জন এবং উপ-সচিব পদে ২০৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ইতোপূর্বে পদোন্নতি পাননি এ ধরনের যোগ্য ৫২ জনকে অতিরিক্ত সচিব, ৩৮ জনকে যুগ্ম-সচিব এবং ২৫ জন কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
