২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের ক্ষমতা স্থগিত

তদবির এড়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একক ক্ষমতা স্থগিত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 05:42 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

শিক্ষক বদলি নির্দেশিকা ২০১৫ এর ১.২ ও ২.৮ নির্দেশিকাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে মঙ্গলবার অফিস আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, অন্যান্য নির্দেশনার আলোকে একই উপজেলা/থানা, আন্তঃবিদ্যালয়, আন্তঃউপজেলা/আন্তঃথানা, আন্তঃজেলা, আন্তঃসিটি করপোরেশন এবং আন্তঃবিভাগ বদলি করতে হবে।

“বদলির প্রক্রিয়াতে কোনো ব্যত‌্যয় হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শিক্ষক বদলির নির্দেশিকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের হাতে সরকারি প্রাথমিকের শিক্ষকদের বদলির ক্ষমতা আছে।

সাধারণ প্রতি শিক্ষা বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে একই উপজেলা/থানা, আন্তঃউপজেলা/থানা, আন্তঃজেলা, আন্তঃসিটি করপোরেশন ও আন্তঃবিভাগে সরকারি প্রাথমিকের শিক্ষকদের বদলি করা হয়।

অফিস আদেশে কিছু বলা না হলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ও বিভিন্ন সিটি করপোরেশন এলাকায় বদলি হতে কয়েক মাস ধরে মন্ত্রণালয়ে তদবির করছেন।

“অনেকে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সুপারিশ নিয়ে মন্ত্রী-সচিবের কাছে আসছেন। খালি পদের থেকে তদবিরকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় মন্ত্রণালয়ের ক্ষমতা স্থগিত করা হয়েছে,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

Image
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

২০১৫ সালের ৫ জুলাই শিক্ষকদের বদলি সংক্রান্ত সবশেষে নির্দেশিকা জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ওই নির্দেশিকা ১.২ এ বলা আছে, যুক্তিসঙ্গত কারণে জানুয়ারি থেকে মার্চের মধ্যে বদলি শেষ না করা গেলে মন্ত্রণালয় যে কোনো সময়ের মধ্যে বদলি করতে পারবে।

আর ২.৮ নির্দেশিকা অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনস্বার্থে যে কোনো কারণে যে কোনো শিক্ষককে যে কোনো সময় বদলি করতে পারে।

এখন এই দুটিই স্থগিত করেছে মন্ত্রণালয়।