শওকত ওসমান জন্মশতবর্ষ উৎসব শুরু
রাজধানীতে কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মশতবর্ষ উৎসব শুরু হয়েছে।
সোমবার সকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের সামনে উন্মুক্ত চত্বরে দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন রবীন্দ্র গবেষক ভাষা সংগ্রামী ডা. আহমদ রফিক।
প্রথমদিনে উদ্বোধনীর পর আলোচনা পর্বে শওকত ওসমানের স্মৃতিচারণ ও তার সাহিত্যের নানা দিক আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ অন্যরা।
ধর্মনিরপেক্ষতা, সামাজিক বৈষম্য দূরীকরণ, সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে শওকত ওসমানের মতো সমাজসচেতন মানুষের বড় প্রয়োজন রয়েছে বলে মনে করেন সরকারের দুই মন্ত্রী।
জন্মশতবর্ষের আয়োজনে এসে বর্তমান সময়ে শওকত ওসমানের প্রয়োজনীয়তার কথা বলেন এই কথাসাহিত্যিকের ছেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানও।
বাবাকে স্মরণ করতে গিয়ে তিনি বলেন, “বাবার মতো সমাজসচেতন মানুষের বড় দরকার আজ। ধর্মের নামে নানা কুসংস্কারের ছায়ায় সারা পৃথিবী জুড়ে যখন অশান্তি, তখন তার দর্শন ও চিন্তার সন্ধান করতে হবে।”
শওকত ওসমানের জন্মশতবর্ষ উদযাপনে রাজধানীতে শুরু দুই দিনব্যাপী এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে শওকত ওসমান স্মৃতি পরিষদ ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
বিকালে উৎসবের আলোচনা পর্বে ভাষাসংগ্রামী আহমদ রফিকের সভাপতিত্বে অর্থমন্ত্রী মুহিত, সংস্কৃতিমন্ত্রী নূর ছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা যোগ দেন।
অনুষ্ঠানে অতিথিরা শওকত ওসমান স্মারকগ্রন্থ এবং তার ছবির অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। এ পর্বেও সভাপতিত্ব করেন আহমদ রফিক। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্মরণ’ কবিতা পাঠ করেন সৈয়দ হাসান ইমাম।
১৯৬১ সালে পাকিস্তান আর্টস কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সময় শওকত ওসমানের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ হয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের।
বয়সের তফাৎ ঘুছে ‘বন্ধু’ বনে যাওয়া শওকত ওসমানকে নিয়ে অর্থমন্ত্রী বলেন, “তিনি ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা, বিপ্লবী ও বিদ্রোহী। শওকত ওসমানের সারাজীবনের সাহিত্যকর্মে বিদ্রোহী সত্তার পরিচয় মেলে। ব্যক্তিজীবনে বন্ধুবৎসল, রসিক ছিলেন।”
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “এ সমাজে এখন তার মতো সাহসী মানুষের অভাব বোধ করি। যখন সমাজে মৌলবাদ মাথাচাড়া দিয়ে ওঠে তখন শওকত ওসমানের মত লেখক আরো বেশি প্রয়োজনীয় হয়ে আবির্ভূত হন।”
পাকিস্তান আমলে লেখকের রচিত ‘ক্রীতদাসের হাসি’ আসাদুজ্জামান নূরের কাছে ছিল ‘প্রেরণার উৎস’।
“বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে তিনি দেশত্যাগ করেছিলেন। পরবর্তী সময়ে যখন ফিরে আসেন তখনও তার প্রতিবাদী চরিত্র অটুট ছিল। তার সরাসরি ছাত্র ছিলাম না, কিন্তু জীবনের পাঠ নিয়েছি শওকত ওসমানের আদর্শিক অবস্থান থেকে।”
আলোচনা পর্বে আহমদ রফিক বলেন, “সাহিত্যে প্রগতির ধারাকে তিনি যুক্ত করেছিলেন। তিরিশের দশক থেকে অবিভক্ত বাংলায় সমাজবাদী সাহিত্যের লেখক হিসেবে শওকত ওসমান ছিলেন উজ্জ্বল নক্ষত্র।”
“বাংলা রম্যসাহিত্যকেও তিনি আধুনিক করেছেন। তার ‘শেখের সম্বরা’ আজও মানুষের মুখে মুখে উচ্চারিত হয়।”
আলোচনা পর্ব শেষে সন্ধ্যায় শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাস অবলম্বনে রচিত নাটক ‘ক্রীতদাসের হাসি’ পরিবেশন করে নাগরিক নাট্যাঙ্গন। নাটকটি নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম।
এছাড়া অনুষ্ঠানস্থলের বাইরে প্রদর্শিত হচ্ছে শওকত ওসমানের জীবনের নানা পর্বে বিভিন্ন দুর্লভ আলোকচিত্র।
উৎসবের শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে উদীচীর শিল্পীরা গেয়ে শোনান ‘আমরা পূবে পশ্চিমে’ ও ‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই’ গান দুটি।
এরপর হওয়া আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্দালিব রাশদী। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন হায়দার আকবর খান রনো, শওকত ওসমানের ছেলে আশফাক ওসমান এবং রকিবুল হাসান।
মঙ্গলবার উৎসবের শেষ দিনে এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, অর্থনীতিবিদ আবুল বারকাত, শিল্পী হাশেম খান এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলোচনা করার কথা রয়েছে।
শওকত ওসমানের জন্মশতবর্ষ উপলক্ষে দিনের আরেকটি আয়োজন ছিলো জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
শওকত ওসমান জন্মশতবর্ষবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির বর্ষব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিউদ্দীন খান আলমগীর। এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী।
জাতীয় কমিটির আহ্বায়ক ড. আবুল আজাদের সভাপতিত্বে আলোচনা করেন কবি আজিজুর রহমান আজিজ, গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীরসহ অন্যরা।
অনুষ্ঠানে পিতার স্মৃতিচারণ করে বিদেশে অবস্থানরত শওকত ওসমানের বড় ছেলে অধ্যাপক বুলবন ওসমানের একটি লেখা পাঠ করেন জাতীয় কমিটির সদস্য-সচিব আনিস মুহম্মদ। অনুষ্ঠানে শওকত ওসমানকে নিবেদন করে কবিতা পাঠ করেন কবি কাজী রোজী, আইরিন খান, আইয়ূব হোসেনসহ অন্যরা।
