নতুন বছরে নতুন সম্ভাবনার আশা
২০১৬ পেরিয়ে ২০১৭ সাল দেশের নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, সেই আশায় বিশ্ববাসীর সঙ্গে খ্রিস্টীয় নতুন বছর বরণ করছে বাংলাদেশ।
গোলাকার পৃথিবীর আবর্তনের কারণে নিউ জিল্যান্ডের অকল্যান্ড থেকে শুরু হয় বর্ষবরণের উৎসব; পুবের দেশগুলোর পর বাংলাদেশেও যখন ঘড়ির কাঁটা রাত ১২টার ঘোষণা দেয়, সঙ্গে সঙ্গে আতশবাজি আর পটকায় সরব হয়ে ওঠে ঢাকা।
কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অভিজাত হোটেলগুলোতে বর্ষবরণে নানা আয়োজনে মেতে ওঠে অনেকে। তবে তারুণ্যের উদ্দামতা ছিল বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতেই।
খ্রিস্টীয় নতুন বছর বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্যের উদ্দামতা
নিরুত্তাপ রাজনীতির মধ্যে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা সাড়া ফেলেছিল এই বছর; তবে তার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় উগ্রবাদীরা কোনঠাসা হয়ে পড়ায় বছরের শেষটা ছিল অপেক্ষাকৃত স্বস্তির।
অর্থনীতিতে সুবাতাসের সঙ্গে ইসি গঠনে সংলাপে সব দলের অংশগ্রহণ যখন রাজনীতিতেও ভোটের আগের বছর স্বস্তির ইঙ্গিত দিচ্ছে, তখন নতুন বছর নিয়ে আশাবাদ ঝরেছে রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদের বাণীতে।
দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, “বিগত বছরের সুঃখ-দুঃখ, আনন্দ-বেদনা ভাগাভাগি করে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক- খ্রিস্টীয় নববর্ষে এ প্রত্যাশা করি।”
বিদায়ী বছরে সরকার উন্নয়নের ধারায় বড় প্রকল্পের কাজে গতিও পেয়েছে। বিশেষ করে পদ্মাসেতু ও মেট্রোরেল প্রকল্পে। সেই সঙ্গে অগ্রাধিকারমূলক প্রকল্পও বাস্তবায়নে পথে হেটেছে।
বছর জুড়ে অর্থনীতির চাকাও সমানতালে হেঁটেছে, যদিও নিত্যপণ্যের মূল্য বাড়া নিয়ে আক্ষেপ ছিল মানুষের।
নতুন বছরে অর্থনীতির এই চাকাকে আরও এগিয়ে নেওয়ার কথাই বাণীতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সামগ্রিক উন্নয়ন, সংবিধান ও গণতান্ত্রিক ধারা রক্ষা এবং জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার ক্ষেত্রে ২০১৬ সাল ‘গৌরবোজ্জ্বল বছর’ উল্লেখ করে তিনি বলেছেন, আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন ‘রোলমডেল’।
“২০২১ সালের আগেই আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করব।”
যুদ্ধাপরাধের বিচার ও উন্নয়নের পথে বিএনপি-জামায়াতে ইসলামীকে বাধা হিসেবে তুলে ধরেন তিনি।
বিপরীতে নতুন বছরের শুভেচ্ছা বাণীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের বর্তমান অবস্থাকে ‘গণতন্ত্রহীন’ দাবি করে তা পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
“অজস্র রক্তঋণে অর্জিত গণতন্ত্র অপহৃত হয়েছে। গণবিরোধী শক্তি জনগণের সকল অধিকারকে বন্দি করে রেখেছে। এমতাবস্থায় সকল গণতান্ত্রিক শক্তির মিলিত সংগ্রামে বহুদলীয় গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।”
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “গত নির্বাচনের মাধ্যমে আমার জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছি। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের সুযোগ বন্ধ করেছি। নির্বাচিত ব্যক্তিরা দেশ পরিচালনা করবে-এ পদ্ধতি নিশ্চিত করেছি।”
সূর্য যাচ্ছে অস্তাচলে, চট্টগ্রাম রাসমনিঘাট সমুদ্র সৈকতের এই সূর্য ২০১৬ সালের শেষ দিনটির অবসানের ঘোষণা দিচ্ছে, ভোরে যখন এই সূর্য আবার উঠবে, তখন শুরু হবে ২০১৭ সাল। ছবি: সুমন বাবু
বছরের শুরু থেকে শিশু, নারী ও নানা হত্যাকাণ্ডে সমালোচনার মধ্যে জঙ্গি হামলা জনমনে আতঙ্ক বাড়িয়ে তুললেও তা দমনে সরকারের অবস্থান দেশি ও বিদেশি সব মহলের প্রশংসা পেয়েছে।
তবে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায় এবং গাইবান্ধায় সাঁওতাল সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে। দুটি ঘটনায়ই ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এই সব সাম্প্রদায়িক সন্ত্রাস কিংবা উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হয়ে যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন চলে প্রতি বৈশাখে, এই বছর তার আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে।
জাতিসংঘ সংস্থা ইউনেসকো বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে স্থান দিয়েছে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়; বাংলা নতুন বছরের অনুষঙ্গের আহ্বান খ্রিস্টীয় নতুন বছর বরণেও হচ্ছে ধ্বনিত।
