২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্থাপত্যে ইত্তেফাকের ইতিহাস

দৈনিক ইত্তেফাকের ৬৪ বছরে পদার্পন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হয়েছে ‘শব্দ কল্প চিত্র’ শিরোনামে স্থাপনাশিল্প এক প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 11:01 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে উঠে এসেছে ইত্তেফাকের ৬৩ বছরের গতিধারা, উঠে এসেছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা।

এতে সংবাদপত্রের পাতাকে অবলম্বন করে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন ইত্তেফাকের ইতিহাসের অংশ হয়ে যাওয়া বিভিন্ন ঘটনা ও ঐতিহাসিক সব শিরোনাম।

বায়ান্নর ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী হত্যার বিভিন্ন ঘটনাপর পাশাপাশি উঠে এসেছে ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার কথাও।

বৃহস্পতিবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশ প্রতিষ্ঠাতার সংগ্রামে মুক্তিযুদ্ধ ও তার পূর্ববর্তী সময়ে পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক মানিক মিয়ার ভূমিকা স্মরণ করেন।

তিনি বলেন, “যে কোনো সংগ্রামের জন্য অসি ও মসি দু-ই দরকার হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধের অসি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর মসি ছিলেন ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া।”

উদ্বোধনীতে অতিথি ছিলেন শিল্পী হাশেম খান। ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরীন আকতার। উপস্থিত ছিলেন মানিক মিয়ার ছেলে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

শনিবার পর্যন্ত চলা এই প্রদর্শনী শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকলেও শেষদিনে তা উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।