২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোরের সাংবাদিককে হত‌্যার হুমকি দিয়ে এসএমএস  

প্রাণনাশের হুমকি পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক কাজী সাজিদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 06:02 PM

Updated : 12 Apr 2022, 03:37 AM

ইন্টারনেট সংবাদপত্রটির বঙ্গভবন প্রতিনিধি সাজিদুলের ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএস করে এই হুমকি দেওয়া হয়।

এসএমএসটি দেখার পর সাজিদুল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রোমান হরফে লেখা ওই এসএমএসে লেখা ছিল- “Shaju, bd news a achis. Beshidin bachbi na. Valo ho (সাজু, বিডিনিউজে আছিস বেশি দিন বাঁচবি না। ভালো হ)”

সাজিদুল জিডিতে বলেছেন, গত ১৬ ডিসেম্বর তার ব্যক্তিগত ফোন নম্বরে এই এসএমএসটি এসেছিল।

হুমকি পাঠানোর ১২ দিন পর কেন থানায় গেলেন- জানতে চাইলে তিনি বলেন, “ওই নম্বরটি থেকে আগে একবার ফোন এসেছিল। তবে, অপর পাশ থেকে কেউ কোনো কথা বলেনি। এরপর বেশ কয়েকবার মিসড কল দেওয়া হলে নম্বরটি আমি ব্লক করে দেই।

“৩-৪ দিন আগে ব্লক বক্সে এই এসএমএসটি লক্ষ করি। বৃহস্পতিবার সকালেও ওই নম্বর থেকে মিসড কল আসে।”