২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি বংশ পরম্পরায় মুক্তবুদ্ধি চর্চার লোক: শামসুজ্জামান

একুশের বইমেলায় শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করা নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান নিজেকে মুক্তবুদ্ধি চর্চার লোক দাবি করে তার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ জন‌্য সাংবাদিকদের দায়ী করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 05:36 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

ধারাবাহিক সমালোচনার জবাব দিতে নিজের ফেইসবুক পাতায় এক লেখায় তিনি শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসানকে ‘নাটুকে’ প্রকাশক বলেও ইঙ্গিত করেছেন তিনি।

রবীন আগামী একুশের বইমেলায় অংশ নেওয়ার আবেদনপত্র সংগ্রহ করতে গিয়ে সম্প্রতি জানতে পারেন যে তাকে দুই বছরের জন‌্য নিষিদ্ধ করেছে মেলার আয়োজক সংস্থা বাংলা একাডেমি।

গত বছর মেলায় ব-দ্বীপ প্রকাশনীর ‘ইসলাম বিতর্ক’ নিষিদ্ধ এবং বইটির প্রকাশক শামসুজ্জামান মানিককে গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার ছিলেন রবীন।

তার ওই তৎপরতাকে ‘মেলার পরিপন্থি’ যুক্তি দেখিয়ে শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করেছে বাংলা একাডেমি, যার প্রতিবাদও চলছে এখন। প্রতিবাদী একটি কর্মসূচি থেকে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামানের পদত‌্যাগও চাওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে ফেইসবুকে শামসুজ্জামান লিখেছেন, “আত্মপ্রচার করতে চাইনি, কিন্ত যে মিথ্যাচার করা হচ্ছে, তাতে কিছু কথা বলা জরুরি হয়ে পড়েছে। তা না হলে ভুল বার্তা চলে যাচ্ছে তরুণদের কাছে। এখনকার তরুণরা এসব ইতিহাস জানে না, তরুন সাংবাদিকরাও তাই।”

এই তরুণ সাংবাদিকদের ‘চতুর’ ও ‘ফন্দিবাজ’ আখ‌্যায়িত তিনি বলেছেন, “যে কোনোভাবে সংবাদপত্রের পাতায় থাকার কৌশল করছে। প্রতি বছরই এই নাটক করে এমন এক প্রকাশক নামধারীর পাল্লায় পড়ছে।”

ব-দ্বীপ প্রকাশনীর ‘ইসলাম বিতর্ক’ বইটিকে ‘মুক্তবুদ্ধিচর্চা ধ্বংস করার বই’ বলেও মন্তব‌্য করেন তিনি।

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেওয়ার ‘উপাদান’ রয়েছে বলে পুলিশের কাছে শোনার পর গত বছর একুশের বইমেলায় ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধ করে দিয়েছিল বাংলা একাডেমি। এরপর তথ‌্য প্রযুক্তি আইনে ব-দ্বীপ প্রকাশনীর মালিক মানিককে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলা একাডেমির এই পদক্ষেপের সমালোচনা তখন অনেক লেখক-প্রকাশকই করেছিলেন, তার মধ‌্যে রবিন একজন।

রবীনের উদ্দেশে শামসুজ্জামান লিখেছেন, “এ বইয়ের বিরোধিতা করে আমি নাকি মুক্তবুদ্ধি চর্চার উপর আঘাত হানছি। এত বড় মিথ্যাচার আর হয় না।”

নিজেকে ‘বংশপরম্পরার মুক্তবুদ্ধি চর্চার লোক’ দাবি করে তিনি লিখেছেন, “সে ঐতিহাসিক দলিলপত্র আমার অফিসে এলে দেখাতে পারি । প্রপিতামহ , পিতামহ পিতা সবাই মক্তবুদ্ধির (মুক্তবুদ্ধির হবে) অনুসারী ছিলেন।”

Image
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সিন্ডিকেট সদস‌্য হিসেবে বেসরকারি বিশ্ববিদ‌্যালয়টির চতুর্থ সমাবর্তনে অংশ নেওয়া অধ‌্যাপক শামসুজ্জামান খানের ছবিটি তার ফেইসবুক পাতা থেকে নেওয়া

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সিন্ডিকেট সদস‌্য হিসেবে বেসরকারি বিশ্ববিদ‌্যালয়টির চতুর্থ সমাবর্তনে অংশ নেওয়া অধ‌্যাপক শামসুজ্জামান খানের ছবিটি তার ফেইসবুক পাতা থেকে নেওয়া

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের পর লেখক-সংস্কৃতিকর্মীদের মধ্যে তিনিই ‘প্রথম’ মুক্তবুদ্ধির চর্চার জন্য ‘স্বৈর-সামরিক শাসন আমলে জাতীয় নিরাপত্তা বাহিনী এনএসআই কর্তৃক ধৃত হন’ বলেও দাবি করেন শামসুজ্জামান।

“আমার দোষ ছিল বাংলা একাডেমির সংস্কৃতি বিভাগের একুশের আলোচনায় বিষয় দিয়েছিলাম: ‘মুসলিম সাহিত্য সমাজ ও শিখা আন্দোলন (১৯২৬)’ । স্মর্তব্য যে এরাই বাঙালি মুসলমানদের মধ্য প্রথম প্রগতিশীল। এদের স্লোগান ছিল: বুদ্ধির মুক্তি, 'Imancipation of Intellect '… এদের নেতা কাজী আব্দুল ওদুদকে ঢাকা ছেড়ে কলকাতার চলে যেতে বাধ্য করা হয় । আমাকে পূর্বোক্ত গোয়েন্দা সংস্থাও দিনভর মানসিক নির্যাতনের পর চট্টগ্রাম বদলি করা হয়।”

বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক তার তখনকার ওই বদলির জন‌্য তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকীসহ কয়েকজনকে দায়ী করেন।

“আমাকে এই বিপদে ফেলার মূলে ছিলেন জিয়ার মন্ত্রী আকবর কবীর (খুশি কবীরের পিতা ; তাই গতকাল ওদের সঙ্গ তার যোগদান খুব তাৎপর্যপূণ) খোন্দকার আব্দুল হামিদ, মনিরউদ্দিন ইউসুফ ও বাংলা একাডেমির তৎকালীন ডিজি আশরাফ সিদ্দিকী ।”

“হায়! এখন মুক্তবুদ্ধিচর্চার নতুন ধান্দাবাজদের এই কুমভিরাশ্রারু দেখে মনে হয় ধরণী দ্বিধা হও।”

Image
শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করার প্রতিবাদে মঙ্গলবার বাংলা একাডেমির সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে একদল লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মী

শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করার প্রতিবাদে মঙ্গলবার বাংলা একাডেমির সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে একদল লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মী

বাইরে সমালোচনার মতো শামসুজ্জামান খানের এই স্ট্যাটাসেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে।

মনিরউদ্দিন ইউসুফের ছেলে এনবিআরের সাবেক সহকারী কর কমিশনার সৈয়দ আনিস প্রশ্ন করেছেন- “জামান ভাই, আমার পিতা মরহুম মনিরউদ্দীন ইউসুফ মুক্তবুদ্ধি চর্চা (চর্চায় হবে) কি বাধার কাজ করেছিলেন, তার কি প্রমাণ আপনার কাছে আছে! আশা করি তা জানাবেন।”

Image
ফেইসবুকে শামসুজ্জামান খানের লেখার উপর এনবিআরের সাবেক সহকারী কমিশনার সৈয়দ আনিস প্রশ্ন

ফেইসবুকে শামসুজ্জামান খানের লেখার উপর এনবিআরের সাবেক সহকারী কমিশনার সৈয়দ আনিস প্রশ্ন

তার প্রত্যুত্তরে শামসুজ্জামান খান লিখেছেন, “কিস্তিতে দিব। গুনি মানুষ, পন্ডিত ও আমার বন্ধু ছিলেন। তবে একটা ভুল করেছিলেন । সেটাই বলব পরের কিস্তিতে।”

শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন নামে একজন লিখেছেন, “জনাব শামসুজ্জামান খান, শ্রাবণ নিষিদ্ধের প্রসঙ্গে আপনার পূর্বপুরুষদের ভূমিকা/পরিচয় অপ্রাসঙ্গিক। আপনার অতীত কর্মজীবন কিছুটা প্রাসঙ্গিক।

“কিন্তু বেশি দরকার এই কাজের ব্যাখ্যা। আশা করছি, এ প্রসঙ্গে আপনার বিস্তারিত ব্যাখ্যাসহ পোস্ট পাব।”

পুরনো খবর:

একুশের বইমেলায় নিষিদ্ধ শ্রাবণ প্রকাশনী
শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ: শামসুজ্জামান খানের পদত্যাগ দাবি