২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ: শামসুজ্জামান খানের পদত্যাগ দাবি

বইমেলায় শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধের প্রতিবাদ সভা থেকে বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে শামসুজ্জামান খানের পদত্যাগের দাবি উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 07:38 PM

Updated : 11 Oct 2022, 09:30 PM

পুরনো খবর:

একুশের বইমেলায় নিষিদ্ধ শ্রাবণ প্রকাশনী

মঙ্গলবার বিকালে ‘লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মী ও নাগরিকবৃন্দ’ ব্যানারে বাংলা একাডেমির সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন এই পদে থেকে শামসুজ্জামান খান ক্ষমতার ‘অপব্যবহার’ করছেন।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলা একাডেমির মহাপরিচালকের পদে আসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শামসুজ্জামান খান। এরপর দুই দফা মেয়াদ পূর্ণ করে গত বছর তিন বছরের জন্য পুনঃনিয়োগ পান তিনি।   

শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধের সিদ্ধান্ত মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্নের ‘ষড়যন্ত্র’ অভিযোগ করে শামসুজ্জামানের পদত্যাগ দাবি করেন লেখক-ব্লগার ও সাংবাদিক আরিফ জেবতিক।

তিনি বলেন, “হুমায়ুন আজাদ বলেছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালকদের মুলো খাওয়া ছাড়া কোনো কাজ নেই। এই মুলোখোররা অমর একুশের চেতনায় ঋদ্ধ বইমেলায় কোনো প্রকাশনীকে অংশগ্রহণের জন্য নিষিদ্ধ করতে পারে না। কোনো প্রকাশনীকে নিষিদ্ধ করার এখতিয়ার রাখে না। এটা মুক্তচিন্তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।

“তিনি (শামসুজ্জামান খান) যাকে ইচ্ছা বইমেলায় স্টল দেবেন আর যাকে ইচ্ছা দেবেন না, এটা হতে পারে না। এই ধরনের মানসিকতার লোকদের একুশের চেতনাঋদ্ধ বাংলা একাডেমি থেকে পদত্যাগ করা উচিত।”

গত বছর ইসলাম ধর্ম বিষয়ে লেখা একটি বই ছাপানোর দায়ে গ্রেপ্তার ব-দ্বীপ প্রকাশনীর প্রকাশক শামসুজ্জামান মানিকের মুক্তির আন্দোলনে যুক্ত হওয়ায় শ্রাবণ প্রকাশনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের নিষিদ্ধ করেছে বাংলা একাডেমি।

একাডেমির এই সিদ্ধান্তকে ‘ন্যক্কারজনক’ আখ্যায়িত করে অধিকারকর্মী খুশী কবির বলেন, “ভাষা আন্দোলনের ফসল হচ্ছে বাংলা একাডেমি। সেই চেতনা থেকেই অমর একুশে গ্রন্থমেলা আয়োজন করা হয়। বাংলা একাডেমির মূল কাজ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য চর্চার কাজটি সুচারুভাবে সম্পন্ন করা।

“প্রশাসনিক ভূমিকা থেকে সরে এসে বইমেলার আয়োজন করলেও কোন প্রকাশনী এতে অংশ নেবে, আর কারা নেবে না- সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলা একাডেমির নয়।”

তিনি বলেন, “বাংলা একাডেমি এখন এই বিষয়ে এক সেন্সরশিপ আরোপ করেছে। এই সিদ্ধান্ত পাঠকের মুক্তচিন্তায় আঘাত করেছে। বইমেলা কারও মালিকানাধীন নয়, এটা জনগণের মেলা।”

সাবেক ছাত্র ইউনিয়ন সভাপতি বাকী বিল্লাহর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সহ-সভাপতি সংগীতা ইমাম, সংগীতশিল্পী কফিল আহমেদ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আসাদুজ্জামান মাসুম বক্তব্য দেন।

কফিল আহমেদ বলেন, “অন্যায়ভাবে শ্রাবণ প্রকাশনীকে বইমেলা থেকে নিষিদ্ধ করা হয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এ দেশের মানুষ জীবন দিয়ে বাংলা একাডেমিকে আগলে রাখে। মুক্তচিন্তা চর্চার জায়গা থেকে দূরে সরে যাচ্ছে বাংলা একাডেমি।”

উদীচীর সাধারণ সম্পাদক তপন বলেন, “একটা ঠুনকো অভিযোগে অমর একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করে এক প্রকার স্বৈরাচারি সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলা একাডেমি। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

গুটিকয় ব্যক্তির ‘স্বেচ্ছাচারিতা’ বাঙালির মননের প্রতিষ্ঠান বাংলা একাডেমিকে ক্রমশ ‘পশ্চাদমুখী’ করে তুলছে বলে অভিযোগ করেন বক্তারা।

আবেদন করলে সিদ্ধান্ত ‘পুনর্বিবেচনা’

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রাবণ প্রকাশনী লিখিত ফরমে আবেদন করলে তাদের বিষয়ে সিদ্ধান্ত ‘পুনর্বিবেচনা’ করা হবে।

শ্রাবণ প্রকাশনীর মালিক রবিন আহসান বলেন, তিনি এখনও তাদের নিষিদ্ধের ‘অফিসিয়াল লেটার’ পাননি।

“আমরা তো বাংলা একাডেমির বিপক্ষে যাইনি, অন্যায় কিছু করিনি। একজন প্রকাশককে বই প্রকাশের দায়ে পুলিশ বেঁধে নিয়ে যাবে, এটা তো আমরা মানতে পারি না। আমরা সেই সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়িয়েছিলাম।”

রবিন জানান, বাংলা একাডেমি কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা তুলে না নিলে অনলাইনে বইমেলা করবেন, সেখানে ৪০ শতাংশ ছাড়ে বই বিক্রি করা হবে।