২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সমাপনীর ফল প্রধানমন্ত্রীর হাতে

পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় বসা ৫৬ লাখ শিক্ষার্থীর ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 11:07 AM

Updated : 12 Apr 2022, 03:37 AM

বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন নাহিদ। আর ফিজার দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ক্ষুদে শিক্ষার্থীদের ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

দুই মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর পরই শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে।

এবার ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন প্রাথমিক ও ইবতেদায়ি সমপানী এবং ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসিতে অংশ নেয়।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫২ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করে।

জেএসসি-জেডিসিতে ২০১৫ সালে সম্মিলিতভাবে ৯২ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করে। এর মধ্যে জেএসসিতে ৯২ দশমিক ৩১ শতাংশ এবং জেডিসিতে ৯২ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।