২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের উসকানি: জামায়াত সমর্থক ১০ শ্রমিক নেতা রিমান্ডে

পোশাক শ্রমিকদের উসকানির অভিযোগের মামলায় জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খানসহ ১০ জনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 09:18 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব বুধবার প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের এসআই মাহমুদুর রহমান জানান।

অপর আসামিরা হলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক লস্কর মুহাম্মদ তাসলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসাইন, আবুল হাসেম, শফিকুল ইসলাম, তানভীর আহম্মেদ, বশির উদ্দিন, আব্দুস সালাম ও মশিউর রহমান খান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর রমনা থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়।

১০ জনকে বুধবার আদালতে হাজির করে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চান রমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলী হোসেন।

রিমান্ড আবেদনে তিনি বলেন, “জামায়াত ইসলামী সমর্থিত এ শ্রমিক নেতা নামধারীরা বস্ত্র শ্রমিকদের উদ্দেশ্যমূলকভাবে উস্কানি দেয়।”

তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে রিমান্ড আবেদন বাতিল চান আসামিদের আইনজীবীরা।

গত সপ্তাহে সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে ৫৫টি কারখানা বন্ধ করে দেয় বিজিএমইএ। এ ঘটনায় সাড়ে তিনশ’র মতো শ্রমিককে বরখাস্তের পাশাপাশি ২২ জনকে গ্রেপ্তার করা হয়। পাঁচদিন বন্ধ থাকার পর গত সোমবার কারখানাগুলো খুলে দেওয়া হয়।