২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি হামলায় নিহত ৪ পুলিশের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

গুলশানের হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 02:56 PM

Updated : 11 Oct 2022, 09:30 PM

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বুধবার ওই দুই পৃথক হামলায় নিহত চার পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের হাতে মোট ৫০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সান্তনা দেন বলে পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

চলতি বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার শুরুর দিকেই পুলিশি অভিযানে জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. রবিউল করিম ও পরিদর্শক মো. সালাউদ্দিন খান গুরুতর আহত হন। রাতেই গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

গুলশান হামলার পাঁচ দিন পর গত ৭ জুলাই সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদুল ফিতরের নামাজের নিরাপত্তার দায়িত্বরত অবস্থায় জঙ্গি হামলায় মারা যান কনস্টেবল আনছারুল হক ও জহিরুল ইসলাম।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে রবিউল করিম চার বছরের বেশি সময় পুলিশে কর্মরত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্র রেখে যান তিনি। ঠিক এক মাস পর তার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয়।

গোপালগঞ্জের সালাউদ্দিন খান প্রায় ২৫ বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন।

২৯ বছর বয়সী কনস্টেবল আনছারুল হকের নেত্রকোনার বাড়িতে তার স্ত্রী ও বৃদ্ধা মা থাকেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ার জহিরুল ইসলামের মাও গ্রামের বাড়িতেই থাকেন।

চেক প্রদান অনুষ্ঠানে নিহতদের পরিবারের নয় সদস্যের সঙ্গে  প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম, স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।