জেলা পরিষদ ভোট কেন্দ্র করে জামালপুরের এসপি প্রত্যাহার
জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোট সুষ্ঠু করার স্বার্থে জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে।
ভোটের আগের দিন মঙ্গলবার নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি সচিবালয়।
ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনী কাজের সুবিধার্থে এ এসপিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশে অশোভন কথা বলায় ক্ষুব্ধ হন সংশ্লিষ্টরা। বিষয়টি ইসির নজরে এলে মঙ্গলবার এ কর্মকর্তাকে সরিয়ে দেয় কমিশন।
বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জামালপুরসহ ৬১ জেলায় জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। এতে ভোট দেবেন শুধু স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা।
