২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বিবিএসে নতুন মহাপরিচালক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 08:01 PM

Updated : 20 Aug 2022, 02:34 PM

এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। এই কর্মকর্তাকে এর আগে শ্রম পরিদপ্তরের পরিচালক হিসেবে বদলির আদেশ জারি করেছিল সরকার।

শ্রম পরিদপ্তরের পরিচালক হিসেবে গত ১৫ ডিসেম্বর আবু হেনার বদলির ওই আদেশ বাতিল করে তাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মো. আলমগীরের স্থলাভিষিক্ত হলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মো. আলমগীরকে গত ১৫ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেয় সরকার।

গত ১২ মে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন আবু হেনা।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আমীর হোসেনকে বিবিএসের মহাপারিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদকে গত ২২ ডিসেম্বর ওএসডি করা হয়।

বিআরটিএর পরিচালক মো. মসিয়ার রহমান এই কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন। তিনি বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

গত ১৫ ডিসেম্বর পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য নিয়োগ পান নজরুল ইসলাম, পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।

এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব সওদাগর মুস্তাফিজুর রহমানকে গ্রামীণ রাস্তায় ছোট ছোট (১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত) সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।