রাজধানীতে দুর্বৃত্তের ছুরিতে দুইজন আহত
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই ব্যক্তি।
আহত মো. সোহাগ (৩৫) ও মো. মোখলেছকে (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিউমার্কেট থানার এসআই আব্দুল হামিদ জানান, সোমবার দুপুরে স্টার কাবাব থেকে খাওয়া শেষে বের হন সোহাগ ও মোখলেছ।
“রাস্তায় তাদের সঙ্গে কয়েক যুবকের কথা কাটাকাটি হয়। পরে ওই যুবকরা তাদের ছুরি মেরে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।”
সোহাগের বাম পাঁজরে, ডান উরুতে আর মোখলেছের পায়ে, দুই হাতে ছুরি মারা হয়েছে বলে জানান এসআই হামিদ।
আহত দুইজনের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, “দুজন পিডাব্লিউডিএর স্টাফ বলে শুনেছি। বিস্তারিত পরিচয় এবং কারা, কেন এ ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
