‘জঙ্গি আস্তানা’ থেকে উদ্ধার শিশুটি শঙ্কামুক্ত নয়: চিকিৎসক
রাজধানীর পূর্ব আশকোনার ‘জঙ্গি আস্তানা’ থেকে আহত অবস্থায় উদ্ধার করা শিশুটির অবস্থা এখনও ‘শঙ্কামুক্ত’ নয় বলে জানিয়েছেন জানান চিকিৎসক।
শনিবার শিশুটিকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে অস্ত্রোপচারের পর পোস্ট আপারেটিভে রাখা হয়েছে বলে হাসপাতালের ক্যাজুয়েলটি বিভাগের আবাসিক চিকিৎসক জেসমিন নাহার জানিয়েছেন।
দক্ষিণখানে হজ ক্যাম্পের কাছে ‘সূর্যভিলা’ নামের বাড়িতে শনিবার ভোররাতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
অভিযানের এক পর্যায়ে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সকালে চারজন আত্মসমর্পণ করলেও এক নারী, এক কিশোর ও শিশুটি ভেতরে থেকে যায়।
দুপুরে ১টার দিকে বোরকা পরা এক নারী শিশুটিকে নিয়ে বেরিয়ে এসে তার দেহের সঙ্গে বাঁধা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতি হন; আহত হয় শিশুটি। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ।
রাতে প্রায় পাঁচ ঘণ্টা সময় নিয়ে শিশুটির অস্ত্রোপচার করা হয় জানিয়ে চিকিৎসক জেসমিন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্প্লিন্টারের আঘাতে শিশুটির খাদ্যনালীতে ১০/১২টি ফুটো হয়েছে। তাছাড়া তার হাতের হাড়ে ফাটল রয়েছে।
“শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত নয়। আমরা পর্যবেক্ষণে রেখেছি। অবস্থার উন্নতি হলে এখান থেকে (পোস্ট অপারেটিভ) সরিয়ে নেওয়া হবে।”
শিশুটি জঙ্গি ইকবালের মেয়ে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছিলেন। তার মায়ের নাম শাকিরা।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম রোববার জানান, আত্মঘাতী বিস্ফোরণে নিহত ওই নারী জঙ্গি ইকবালের স্ত্রী ছিলেন। তার সঙ্গে আহত মেয়েটিও তাদেরই।
“ইকবালের মৃত্যুর পর জঙ্গি সুমনের সঙ্গে বিয়ে হয় এই মহিলার।”
সুমন কোথায়- জানতে চাইলে মনিরুল বলেন, “সে নিখোঁজ রয়েছে দেড়মাস ধরে। আমরা তার খোঁজ পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
