মঙ্গল-বুধবার সারাদেশে বইয়ের দোকান বন্ধের ঘোষণা
প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি ধারা ও উপধারা বাতিলের দাবিতে আগামী মঙ্গলবার ও বুধবার সারা দেশে বইয়ের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
এর আগে সোমবার সারা দেশে বইয়ের দোকান বন্ধ রেখে ৬৪ জেলায় এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করবে সমিতি। একইদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন সংগঠনটি।
তারপরও যদি তাদের দাবি আদায় না হয় তাহলে অদূর ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতারা।
শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে করে এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাউদ্দিন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সমিতির শিক্ষা আইন বিষয়ক সম্পাদক শ্যামল পাল, সহ-সভাপতি গাজী জহিরুল ইসলাম, পাঞ্জেরী পাবলিকেশন্সের কামরুল হাসান শায়ক, এডভান্স পাবলিকেশন্সের শামসুল ইসলাম বাহার, সাহিত্য সাগর’এর ওয়াহিদুজ্জামান সরকার জামাল, বই সামগ্রীর নেসার উদ্দিন হাওলাদার বক্তব্য দেন।
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নোটবই আর গাইড বই প্রকাশ ‘করছেন না’ মন্তব্য করে সমিতির নেতারা বলছেন, তারা শুধু সহায়ক বই প্রকাশ করছেন।
তারা বলেন, সেই সহায়ক বই প্রকাশ করতে প্রস্তাবিত শিক্ষা আইনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদন ‘বাধ্যতামূলক’ করা হচ্ছে। সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে পৃথিবীর কোথাও বই প্রকাশ করা হয় না।
প্রস্তাবিত শিক্ষা আইনের মাধ্যমে সহায়ক গ্রন্থ প্রকাশ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সমিতির নেতারা। প্রকাশনা শিল্প হুমকির মুখে পড়বে বলেও মনে করছেন তারা।
সম্মেলনের লিখিত বক্তব্যে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “প্রস্তাবিত শিক্ষা আইনে নোট বই বা গাইড বইয়ের সংজ্ঞা কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। এটি যদি প্রাসঙ্গিক হয়, তাহলে সৃজনশীল ও অভিধানসহ অসংখ্য বইয়ের সংজ্ঞা প্রদান করতে হবে।
“এজন্য আমরা খসড়া শিক্ষা আইনে প্রদত্ত নোট ও গাইড বই-এর সংজ্ঞা, সৃজনশীল সহায়ক ও রেফারেন্স গ্রন্থ প্রকাশ পরিপন্থি উপধারাসমূহ এবং তৎপরিপ্রেক্ষিতে প্রণীত বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার ধারা-উপধারাসমূহ বাতিলের আবেদন করছি।”
তিনি আরও বলেন, “বিশ্বায়নের এ যুগে পৃথিবীর অন্যান্য দেশের মতো বেসরকারি প্রকাশকরা যাতে স্বাধীনভাবে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব ধরনের অনুশীলনমূলক সহায়ক গ্রন্থ ও শিক্ষার্থীদের অধিকতর জ্ঞানার্জনের লক্ষ্যে এনসিটিবির বইয়ের বাইরে পাঠ্যসূচি অনুযায়ী রেফারেন্স গ্রন্থ প্রকাশ এবং বাজারজাত করতে পারেন, সে লক্ষ্যে বিশ্বমানের ও সমতাভিত্তিক শিক্ষা গ্রহণের সুযোগ লাভের উপযোগী ধারা-উপধারা সংযোজনের আবেদন করছি।”
