প্রভাব বিস্তারের লড়াইয়ে রাষ্ট্রীয় সংস্থাগুলো: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, রাষ্ট্রের সব সংস্থা ও বিভাগ অন্যের ওপর প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছে।
তবে বিচার বিভাগ এর ব্যতিক্রম বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান বিচারপতি বলেন, প্রশাসনের বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্তরা নিজেদের প্রয়োজন ও পছন্দমত দায়িত্ব প্রদান ও দপ্তর বণ্টন, এমনকি ক্ষমতা প্রয়োগ করে প্রাধান্য বিস্তার করতে ব্যস্ত। এ কারণে অনেক মামলার উৎপত্তি হয়।
তিনি বলেন, “রাষ্ট্রের কোনো অঙ্গ-বিভাগ বা সংস্থার সমালোচনা করছি না। রাষ্ট্রের প্রতিটি সংস্থা অন্য সংস্থার ওপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত। শুধু সংস্থা বা প্রতিষ্ঠানগুলোই নয়, রাষ্ট্রের বিভাগগুলোও এ প্রতিযোগিতার বাইরে নেই। কেবলমাত্র বিচার বিভাগই এর ব্যতিক্রম।
“যারা ক্ষমতার কাছাকাছি থাকে, তাদের মধ্যে এ আধিপত্য বিস্তারের প্রবণতা বেশি মাত্রায় প্রতীয়মান হয়। কিন্তু বিচার বিভাগ এ প্রতিযোগিতায় কখনও প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং করবেও না। বরং আমারা সব সময় চেষ্টা করেছি রাষ্ট্রের বিভাগ এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য।”
শাসনতন্ত্র যতটুকু দায়িত্ব ও ক্ষমতা দিয়েছে বিচার বিভাগ শুধু ততটুকুই করবে জানিয়ে এক্ষেত্রে রাষ্ট্রের অন্যান্য বিভাগ ও প্রতিষ্ঠানের সহযোগিতা প্রত্যাশা করেন এস কে সিনহা।
বক্তব্যে পুলিশের সমালোচনা করে তিনি বলেন, “আমাদের দেশে পুলিশ প্রশাসন অপরাধীদের গ্রেপ্তার করার ব্যাপারে যতটা পারদর্শী, সাক্ষী উপস্থিত করার ক্ষেত্রে ততটা পারদর্শী নয়। সে কারণে মামলার ফলাফল হতাশাজনক হয়।”
সাক্ষী হাজির না করায় ফৌজদারি মামলার বিচারে অযথা বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি।
সব প্রক্রিয়ার পরও সাক্ষী হাজির না হলে ম্যাজিস্ট্রেটরা ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় মামলার কার্যক্রম বন্ধ করতে পারেন বলে বিচারকদের স্মরণ করিয়ে দেন তিনি।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার আহ্বান
পুরাতন হাই কোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে ফের আহ্বান জানান সুরেন্দ্র কুমার সিনহা।
এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “বিচারপতিদের স্থান সংকুলান হচ্ছে না। সীমিত পরিসরে সুপ্রিম কোর্ট জাদুঘরে ঐতিহাসিক স্মারকগুলো সংরক্ষণ করা হচ্ছে।
“সুপ্রিম কোর্টে বিচারকদের বসার স্থানের সঙ্কট রয়েছে। হাই কোর্ট বিভাগের বিচারকরা বারান্দায় চেম্বার করেন। সুপ্রিম কোর্টে কোনো প্রশাসনিক ভবন নাই। সুপ্রিম কোর্টের বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের শিশুদের পরিচর্যায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ডে কেয়ার সেন্টার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেডিকেল সেন্টারের জন্য প্রয়োজনীয় জায়গার সঙ্কট রয়েছে।”
“পুরনো হাইকোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নেওয়া হলে সুপ্রিম কোর্টের তীব্র অবকাঠামোগত সমস্যার কিছুটা সমাধান হবে। এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণে আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আবারও অনুরোধ করছি।”
প্রধান বিচারপতি বলেন, “বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, দশ ট্রাক অস্ত্র মামলা, একুশে অগাস্ট গ্রেনেড হত্যার মতো মর্মান্তিক মামলাগুলো যদি জেলা আদালতে হতে পারে, তাহলে যুদ্ধাপরাধ মামলার বিচার সুপ্রিম কোর্ট অঙ্গনের বাইরে হতে কোনো অসুবিধা নাই।”
সুপ্রিম কোর্টে পুলিশ ব্যারাকের জন্য কোনো স্থান না থাকায় আদালতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি।
বিচারক নিয়োগ
জনসংখ্যার অনুপাতে বাংলাদেশের বিচারকের সংখ্যা অত্যন্ত নগণ্য মন্তব্য করে বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন প্রধান বিচারপতি।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমেরিকায় ১০ লক্ষ মানুষের জন্য ১০৭ জন, কানাডায় ৭৫ জন, ইংল্যান্ডে ৫১ জন, অস্ট্রোলিয়ায় ৪১ জন, ভারতে ১৮ জন বিচারক রয়েছে।
“অথচ বাংলাদেশে ১০ লক্ষ মানুষের জন্য মাত্র ১০ জন বিচারক রয়েছে। জনসংখ্যা এবং মামলার সংখ্যা অনুপাতে বিচারক নিয়োগ প্রদান করা এখন সময়ের দাবি।”
গত অগাস্টে হাই কোর্ট বিভাগে আট জন অতিরিক্ত বিচারক নিয়োগের পরামর্শ দেওয়া হলেও এ নিয়োগ প্রক্রিয়া আলোর মুখ দেখেনি বলে জানান তিনি।
নিম্ন আদালতের বিচারকের ১৬৫৫টি পদের মধ্যে ৩৮৭টি শূন্য রয়েছে জানিয়ে এসকে সিনহা বলেন, অবশিষ্ট ১২৬৮ জন বিচারক দিয়ে ২৭ লাখের বেশি মামলা নিষ্পত্তি করা অসম্ভব।
সরকার নতুন আইন করে বিভিন্ন ধরনের ট্রাইব্যুনাল করলেও সেগুলোর জন্য আলাদা আদালত ভবন, পরি-কাঠামো নির্মাণ এবং রেকর্ড রুম ও বসার জায়গা না করার সমালোচনা করেন প্রধান বিচারপতি।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়ে তিনি বলেন, আইন অনুযায়ী একটি জেলায় একাধিক ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকলেও বর্তমানে দেশের ৪৬টি জেলায় ৫৪টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে। ১৮টি জেলায় জেলা ও দায়রা জজরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকে। সারা দেশে ১ লাখ ৫৫ হাজার ৩৩টি মামলা বিচারাধীন।
প্রধান বিচারপতি বলেন, ২০০৭ সালে ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হলেও দীর্ঘ নয় বছরেও ম্যাজিস্ট্রেসির জন্য পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণ করা হয়নি। ৪২টি জেলায় ম্যাজিস্ট্রেসি ভবন নির্মাণের প্রকল্প নেওয়া হলেও এ পর্যন্ত মাত্র চারটি জেলায় ভবন আংশিক হস্তান্তর করা হয়েছে।
আটটি জেলায় ম্যাজিস্ট্রেসি ভবন নির্মাণ কাজ সম্পন্ন হলেও ফার্নিচারের অভাবে তা এখনও ব্যবহার উপযোগী হয়নি। ২১টি জেলায় ভবন নির্মাণের কাজ ধীর গতিতে চলছে। নয় জেলায় ভবন নির্মাণের কাজ শুরুই হয়নি। কোনো কোনো জেলায় নির্মাণ কাজ শেষ হলেও নানা অজুহাতে নির্মিত ভবনেও বিচারকাজ পরিচালনা করা সম্ভব হয়নি।
ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণে বিচারকদের জড়ানোর সমালোচনা করে তিনি বলেন, “একজন বিচারককে যদি টেন্ডারবাজিতে ঢোকানো হয় তবে সে আর বিচারক থাকবে না। সে ব্যবসায়ী কিংবা অর্থলোভী হয়ে পড়বে। বিচারকেরা যদি বড় ধরনের কেনা-কাটার সাথে যুক্ত হয়ে যায়, তাহলে বিচারক হিসেবে তার সুনাম প্রশ্নবিদ্ধ হয়ে যায়, সে আর বিচারক থাকে না।”
তথ্য-প্রযুক্তির ইতিবাচক দিক তুলে ধরে বিচার বিভাগকে সম্পূর্ণ ডিজিটালাইজড করতে প্রধানমন্ত্রীকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এখন ৩০ লাখ মামলা আছে। বর্তমানে যে জনবল আছে তা দিয়ে এ মামলা নিষ্পন্ন করা দূরূহ ব্যাপার। এজন্য প্রযুক্তির ব্যবহার করে ই-জুডিশিয়ারি প্রকল্প নিয়েছেন তারা।
“জুলাই মাসে একনেকে এ প্রকল্প উপস্থাপন করেছি। ১০টি জেলায় পাইলট প্রকল্প নিয়ে প্রস্তাবটি দেওয়া হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী পাইলট শব্দটি উঠিয়ে দিয়ে সব জেলায় ১৪০০ কোর্ট রুমকে ই-জুডিশিয়ারির আওতায় আনার জন্য নতুন করে প্রকল্প প্রস্তুত করতে বলেন।”
১ হাজার ৬৬৩ কোটি টাকা ব্যয়ে নতুন করে প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বলেন, “কাউকে খুশি করা বা কাউকে নারাজ করা বিচারকদের কাজ না। বিচারকদের কাজ হলো বিচার করা।
“নিম্ন আদালতের বিচারকদের প্রধান ভয় হচ্ছে ‘বদলি’ ভয়। কিন্তু বিচারকদের সাহস থাকতে হবে। সাহস না থাকলে বিচারকাজে আসবেন না। যাদের সাহস নেই তারা চলে যান।”
