২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচেতনার সঙ্গে ব্যবহার করতে হবে ফেইসবুক: তারানা

ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সচেতনার সঙ্গে ব্যবহারের আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 11:07 PM

Updated : 20 Aug 2022, 02:32 PM

শুক্রবার রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ কিশোরী জাতীয় কনভেনশন ২০১৬ এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত কিশোরীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “তোমরা সবাই ফেইসবুকে ঘোরাফেরা কর, ইন্টারনেটে ঘোরাফেরা কর। এই ফেইসবুকে তোমরাই রাজা, যা মন চায় তাই লিখতে পার।

“কিন্তু কী লিখবে, তোমার এই লেখায় কেউ কষ্ট পাচ্ছে নাতো, কারো সম্মান হানি হচ্ছে নাতো, তোমার এই লেখায় অধিকার ক্ষুন্ন হচ্ছে নাতো। আজকাল এ ওকে হেনস্থা করার জন্য একটি ভিডিও করে নিল..., এই প্রবণতাগুলো তোমাদের মধ্যে যেন কখনই না আসে।”

কারও হাতে কোনো ‘অস্ত্র’ থাকলে সেটি জীবন বাঁচাতে ব্যবহার করার জন্য সবাইকে উৎসাহিত করেন তারানা হালিম।

তিনি বলেন, “আমার হাতে একটি অস্ত্র আছে, সেটি জীবন বাঁচাতে ব্যবহার করব; কারো ক্ষতি করার জন্য নয়, এটিই হোক আমাদের মূল মন্ত্র।”

মেয়েদের প্রজনন, বয়ঃসন্ধিকাল ও স্বাস্থ্য সেবা, বাল্য বিবাহসহ বিভিন্ন বিষয়ে সচেতনায় উপস্থিত কিশোরীদের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, “এসব বিষয়ে সচেতনতায় সাইবার জগতে তোমরা প্রশাসন ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যুক্ত হতে পারছো। সবাই তোমাদের পাশে দাঁড়িয়ে শক্ত অংশীদার হতে চায়।

“এই বয়ঃসন্ধি ও কিশোরীদের মধ্যে এই নেটওয়ার্ক তোমাদের আলোয় আলোকিত হতে চায় সবাই। ভবিষ্যতের বাংলাদেশ তোমাদের মাধ্যমে পরিচালিত হবে, তোমাদের দ্বারাই আলোকিত হবে,” কিশোরীদের উদ্দেশে বলেন প্রতিমন্ত্রী তারানা।

কিশোরীদের নিয়ে স্বর্ণ কিশোরী জাতীয় এই সম্মেলনের আয়োজন করে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন।