গ্যালারি চিত্রকে শুরু দলীয় চিত্র-প্রদর্শনী
কোনো ছবি ভাবাচ্ছে প্রকৃতি নিয়ে, কোনো ছবিতে উঠে এসেছে সময়ের ইতিবৃত্ত, কোনোটিতে আবার নানা রংয়ে চিত্রিত হয়েছে ষড়ঋতুর রং বদলের খেলা।
এমনই সব ছবি নিয়ে রাজধানীর গ্যালারি চিত্রকে শুরু হয়েছে ইমপ্রেশন গ্রুপের দলীয় চিত্র প্রদর্শনী।
শুক্রবার বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম; অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং চিত্র সমালোচক ও শিক্ষক সৈয়দ আজিজুল হক।
প্রদর্শনীর অন্যতম আয়োজক রুখসানা সাঈদা পপি বলেন, “আমাদের মধ্যে এমন অনেক শিল্পী আছেন, যারা অন্যান্য পেশায় জড়িত। সময়ের আবর্তনে তাদের অনেকেই আঁকাআঁকি থেকে দূরে সরে আছেন।
উদ্বোধক মনিরুল ইসলাম বলেন, “আজকাল এমন অনেক ছবি দেখি, সেগুলো এত কঠিন যে এগুলো আদৌ শিল্পী কিনা তা বুঝতে পারি না। এখানে ছবিগুলো দারুণ। শিল্পীদের ক্যানভাসে রংয়ের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে।”
নিসার হোসেন বলেন, “শিল্পের জন্য শৈল্পিক পরিবেশ তৈরি করা খুব গুরুত্বপূর্ণ, শিল্পী যেখানে স্বাধীনভাবে ছবি আঁকতে পারবে। আজকের এই প্রদর্শনীতে এসে সেই পরিবেশটি দেখলাম। শিল্পীরা আঁকাআকি নিয়ে সিরিয়াস হচ্ছে। এই তো আমাদের বড় প্রাপ্তি, অনুপ্রেরণা।”
প্রদর্শনীতে ঢুকতে চোখে পড়বে শিল্পী শামীম আহমেদের সিরিজ ছবি ‘চাইল্ডহুড’, রিলিফ প্রসেস মিডিয়ামে আঁকা সেসব ছবিতে উঠে এসেছে শৈশবের নানা দুরন্তপনা।
ড্রাই পয়েন্টে ‘নেচার অ্যান্ড উইমেন’ আর উডকাটে আঁকা ‘রিসেপশন’ ছবিগুলোতে পরিলক্ষিত হয় শিল্পীর নিরীক্ষার ছাপ।
আটপৌরে নারী জীবন, আর শৃঙ্খল ভেঙে নারী মুক্তির গান গেয়েছেন শিল্পী শাম্মী ইয়াসমীন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে তিনি এঁকেছেন কলোগ্রাফিতে, ছবির শিরোনাম ‘শিখার আলো’।
রিকশাকে প্রতীক হিসেবে নিয়ে নাগরিক জীবনের গল্প নানা আঙ্গিকে ফুটিয়ে তুলেছেন শিল্পী এ এফ এম মনিরুজ্জামান। চলতি পথের গল্পে তিনি ফুটিয়ে তুলেছেন আটপৌরে নাগরিক জীবনের নানা ইতিবৃত্ত। রোদজ্বলা দুপুরে রিকশার ছায়া যেন বলে চলে শহরের দেখা-অদেখার গল্প। সিরিজ ছবির শিরোনাম ‘শ্যাডো অফ ঢাকা সিটি’।
অতিথি শিল্পী হিসেবে রয়েছে সমরজিৎ রায় চৌধুরী, আবুল বারক আলভী, মোহাম্মদ ইউনুস, রোকেয়া সুলতানা, আহমেদ শামছুদ্দোহা, ফারেহা জেবা, মোহাম্মদ মনিরুজ্জামান, কনক চাঁপা চাকমার ছবি।
প্রদর্শনী চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত; প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনীর দুয়ার।
